আপনার প্রিয় ম্যাচা লাটে কি চুল পড়ার কারণ হচ্ছে?

সবুজ পানীয় ম্যাচা লাটে এখন ক্যাফে থেকে সোশ্যাল মিডিয়া, সবখানেই দাপট দেখাচ্ছে। কিন্তু প্রিয় এই পানীয়টিই কি গোপনে ক্ষতি করছে আপনার চুলের? অনেকেই বলছে, চুল পড়া ও পাতলা হওয়ার অস্বাভাবিক অভিজ্ঞতার কথা। এতে প্রশ্ন উঠেছে, যা এত দিন স্বাস্থ্যকর বলে মনে করা হয়েছে, সেটিই কি দোষের কারণ?

সরাসরি দোষ ম্যাচার নয়

চুল পড়ার জন্য সরাসরি ম্যাচাকে দায়ী করা যাবে না। বিশেষজ্ঞদের মতে, আসল সমস্যা হলো আয়রনের ঘাটতি। ম্যাচার উপাদানগুলো শরীরে উদ্ভিজ্জ খাবারের আয়রন (নন–হিম আয়রন) শোষণে বাধা দেয়। পাচনতন্ত্রে আয়রনের সঙ্গে বাঁধন তৈরি হওয়ায় শরীর সেটি ঠিকমতো নিতে পারে না। এর ফলেই হতে পারে আয়রন ঘাটতি ও পরবর্তী সময়ে চুল পড়া।

ম্যাচা কতটা খাওয়া নিরাপদ?

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১-২ কাপ ম্যাচা খেলেই শরীরে আয়রন শোষণ ৬০-৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিশেষত যদি তা আয়রনসমৃদ্ধ খাবারের আগে বা পরে খাওয়া হয়। তবে ঝুঁকি বেশি থাকে—

  • নিরামিষাশী ও ভেগানদের।
  • রক্তাল্পতায় ভোগা ব্যক্তিদের।
  • যাদের শরীরে আগেই আয়রনের মাত্রা কম।

তবে কি প্রতিদিন ম্যাচা খাওয়া যাবে না

বিশেষজ্ঞরা বলছেন, ম্যাচা শরীরের জন্য একেবারেই খারাপ নয়। বরং এর অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা উপকারিতা রয়েছে। তবে অতিরিক্ত সেবন ঝুঁকির কারণ হতে পারে। সচেতনভাবে সীমিত পরিমাণে খাওয়াই উত্তম।