ময়েশ্চারাইজার নাকি প্রাইমার, মেকআপের আগে কোনটি দরকার?

মেকআপ এখন আর কেবল বিশেষ দিনের সাজ নয়। অফিস, অনুষ্ঠান কিংবা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মুখে ফাউন্ডেশন, কনসিলার, কমপ্যাক্ট সবই থাকে। তবে এই সাজের শুরুটা কোথা থেকে হওয়া উচিত, তা নিয়ে অনেকেরই দ্বিধা।

আগে ময়েশ্চারাইজারেই যেন কাজ সারাতো। কিন্তু এখন পেশাদার রূপবিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। প্রাইমার ছাড়া নাকি মেকআপ ‘অসম্পূর্ণ’। প্রশ্ন উঠছে, সত্যিই কি এত গুরুত্বপূর্ণ এই প্রসাধনী? না মাখলে কি বড় কোনো ক্ষতি হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, মেকআপের আগে মুখই হলো ‘ক্যানভাস’। সেই ক্যানভাস যদি প্রস্তুত না থাকে, তবে যত দামি ফাউন্ডেশনই ব্যবহার করা হোক না কেন, তা ঠিকমতো বসবে না। প্রাইমারের মূল কাজই হলো ত্বক ও মেকআপের মাঝখানে একটি মসৃণ, সমতল স্তর তৈরি করা। ফলে ফাউন্ডেশন সহজে ব্লেন্ড হয়, প্যাচ পড়ে না, আর সাজও দীর্ঘক্ষণ টিকে থাকে।

প্রাইমার ত্বকের খুঁত সাময়িকভাবে আড়াল করতে সাহায্য করে। কারও যদি ওপেন পোরস থাকে, প্রাইমার তা কিছুটা ঢেকে দেয়। অতিরিক্ত সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে, ফলে তৈলাক্ত ভাব কমে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায়, যেখানে ঘাম ও তেলের কারণে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা থাকে, সেখানে প্রাইমার কার্যকর ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায়, প্রাইমার ব্যবহার করলে মুখে আলাদা করে ‘মেকআপ করা’ ভাবও কম লাগে, ত্বক স্বাভাবিক দেখায়।

তবে কেউ যদি প্রাইমার না মেখে সরাসরি ফাউন্ডেশন লাগান, তখন কী হতে পারে? পেশাদার মেকআপ শিল্পীদের মতে, সে ক্ষেত্রে মেকআপের উদ্দেশ্যটাই ব্যাহত হতে পারে। ওপেন পোরস থাকলে ফাউন্ডেশন বা কনসিলারের কণা ত্বকের ছিদ্রে ঢুকে যেতে পারে। এতে ত্বক আরও অসমান বা খসখসে দেখাতে পারে। বলিরেখা বা সূক্ষ্ম রেখাগুলোও বেশি চোখে পড়ে। ত্বক থেকে অতিরিক্ত তেল বা ঘাম বের হলে সাজ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

তবে অনেকেই মনে করেন, প্রাইমার ছাড়া ফাউন্ডেশন লাগালে ব্রণ বা অ্যাকনে বাড়ে। চিকিৎসকদের মতে, প্রাইমার না মাখার সঙ্গে সরাসরি ব্রণের সম্পর্ক নেই। সমস্যা হয় তখনই, যখন ফাউন্ডেশন বা কনসিলার ত্বকের পোরসে জমে থাকে এবং ঠিকমতো পরিষ্কার করা হয় না। দিনের শেষে ভালোভাবে ক্লেনজিং না করলে ব্ল্যাকহেডস, ব্রণ বা অ্যাকনের ঝুঁকি বাড়তে পারে, প্রাইমার থাক বা না থাক।

তা হলে কি সবারই প্রাইমার ব্যবহার করা জরুরি? বিশেষজ্ঞরা বলছেন, এক কথায় নয়। যাদের ত্বক স্বাভাবিক, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল, কিংবা যারা নিয়মিত ভারী মেকআপ করেন না, তাদের জন্য প্রাইমার বাধ্যতামূলক নয়। কিন্তু যাদের ত্বক অমসৃণ, ওপেন পোরসের সমস্যা আছে বা দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে চান, তাদের জন্য প্রাইমার কার্যকর সহায়ক।

তবে বিষয়টি নির্ভর করছে ত্বকের ধরন ও প্রয়োজনের ওপর। সাজ যতই নিখুঁত হোক, তার আগে ত্বকের যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সুন্দর মেকআপের ভিত্তি হলো সুস্থ, পরিচ্ছন্ন ত্বক।