বিশ্বজুড়ে নতুন বিউটি ট্রেন্ডের ক্ষেত্রে প্যারিস ফ্যাশন উইক সব সময়ই বিশেষ গুরুত্ব পায়। অনেক নামকরা মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট এখান থেকেই ভবিষ্যতের ট্রেন্ডের দিকনির্দেশনা দেন। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম হয়নি।
এবারের প্যারিস ফ্যাশন উইকের র্যাম্প ও ব্যাকস্টেজে একটি বিষয় স্পষ্ট, ভারী সাজ নয়। বরং সহজ ও স্বাভাবিক লুকেই জোর দিয়েছেন ডিজাইনার ও মেকআপ শিল্পীরা। ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখতে চেষ্টা করা হয়েছে। মেকআপ ছিল হালকা ও পরিমিত। আর চুলের সাজেও ছিল ব্যক্তিত্বের ছাপ। ফলে এমন কিছু ট্রেন্ড সামনে এসেছে, যেগুলো সহজেই দৈনন্দিন জীবনে অনুসরণ করা যায়।
র্যাম্পে দেখা সেই তিনটি জনপ্রিয় বিউটি ট্রেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।
পাওয়ার বব
এই ট্রেন্ডে নজর কাড়েন মডেল অ্যালেক্স কনসানি। আলেকজান্ডার ম্যাককুইনের র্যাম্পে তাঁর কমলা রঙের বব উইগ বেশ আলোচনায় আসে। বব কাট চুলের স্টাইল অনেক দিন ধরেই জনপ্রিয়। তবে এবার এটি ফিরেছে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী রূপে।
আগের মতো নরম লেয়ার বা এলোমেলো টেক্সচারের বদলে এবার দেখা গেছে বেশ ধারালো ও পরিপাটি কাট। কখনও সোজা ব্লান্ট কাট, কখনও ভেতরের দিকে সামান্য বাঁকানো। এই স্টাইল সহজেই পুরো লুককে আলাদা মাত্রা দেয়। তামাটে বা উজ্জ্বল রঙের সঙ্গে এই কাট আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
সাইড পার্ট
এবারের র্যাম্পে সাইড পার্ট চুলের স্টাইলও ছিল বেশ চোখে পড়ার মতো। সেন্ট লরঁর শোতে চুল এক পাশে স্লিক করে আঁচড়ানো হয়েছে। আর হারমেসে দেখা গেছে একই ধরনের স্টাইলের ভিন্ন রূপ।
এই স্টাইলের বড় সুবিধা হলো, খুব সহজেই এটি পুরো চেহারার লুক বদলে দিতে পারে। চুল এক পাশে ভাগ করলে মুখের গড়ন আরও স্পষ্ট হয় এবং চুলেও স্বাভাবিক ভলিউম তৈরি হয়। ছোট বব কাট থেকে শুরু করে লম্বা চুল। সব ধরনের চুলেই এই স্টাইল মানিয়ে যায়।
ক্রোম ম্যাজিক
ভিভিয়েন ওয়েস্টউডের র্যাম্পে ধাতব বা ক্রোম ফিনিশের মেকআপ বেশ নজর কাড়ে। ঠোঁট ও চোখের পাতায় ধাতব ঝিলিক দেওয়া রঙ ব্যবহার করা হয়েছে, যা লুকে ভবিষ্যতধর্মী একটি আবহ তৈরি করে।
এই ধরনের লুক পেতে লিকুইড বা ক্রিমভিত্তিক মেকআপ ব্যবহার করা ভালো। এতে ধাতব গলনের মতো একটি উজ্জ্বল ফিনিশ পাওয়া যায়। তবে একসঙ্গে অনেক রঙ ব্যবহার না করে একটি রঙেই ফোকাস রাখলে এই মেকআপ বেশি সুন্দর দেখায়।