রাজধানী তেজগাঁওয়ে হয়ে গেল চোখ ধাঁধানো এক ফ্যাশন শো। যেখানে তুলে ধরা হয় বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের নিপুণ কারুকলা ও হস্তশিল্প পণ্য। ২৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ শীর্ষক এই ভিন্নধর্মী আয়োজন করে অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন।
বেরাইদ ঋষি পাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো এই আয়োজনের অন্যতম আকর্ষণ। হস্তশিল্পে নির্মিত পণ্যগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফারুক সোবহান বলেন, সুদিন সত্তা কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের স্বপ্ন ও প্রত্যাশার আন্তবিনিময় ও বন্ধুত্বের মাধ্যমে সকলের জন্য কল্যাণকর একটি ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।
প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির বলেন, এই কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। যার আওতায় আমরা শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গোষ্ঠী উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি। ‘সুদিন সত্তা’র এই আয়োজন আমাদের ‘সুদিন’ প্রকল্পের সামগ্রিক প্রভাবকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
সুদিন সত্তা ২.০’এর আয়োজনে কমিউনিটি পার্টনার (উদ্যোক্তা) হিসেবে যুক্ত ছিল রাঙতা, তানিস বাংলাদেশ, পাড়, শাবানা, ভাঁজ বিন্যাস, সুতন্তু, লৌকিক, রঙদারু, এবং পিরান বাংলাদেশ। এছাড়াও সার্বিক আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন মোঃ আল আমিন (আর্ট), আবিদ আজাদ (ফটোগ্রাফি), এবং সুমাইয়া আক্তার সুমি (ফ্যাশন কোরিওগ্রাফি)। অনুষ্ঠানে মেক-আপ পার্টনার হিসেবে সহযোগিতা করে পারসোনা।