গাঢ় লাল থেকে স্টাইলিশ মনোক্রোম: মীরা কাপুরের ট্রাভেল ফ্যাশন

লাইট, ক্যামেরা, অ্যাশকনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও ফ্যাশন আর স্টাইলে বলিউডের যেকোনো নায়িকাকে টেক্কা দিতে পারেন মীরা রাজপুত কাপুর। তাই তো এ সময়ের ‘বলিউড ওয়াইফ’দের তালিকায় তাঁর নাম আসে প্রথম দিকেই।

স্বামী শহিদ কাপুরের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকগুণ বেশি সক্রিয় মীরা। ভক্তদের সঙ্গে প্রায়ই ভাগাভাগি করে নেন তাঁর ভালোলাগা বিভিন্ন মুহূর্ত। কিছুদিন আগেও সপরিবারে দেশের বাইরে ছুটি কাটিয়ে বেশ আলোচনায় ছিলেন মীরা।

ছবি দেখে বোঝা যায়, ভ্রমণের সময় মীরা একদম ক্যাজুয়াল থাকতে পছন্দ করেন। স্বস্তিদায়ক তবে ফ্যাশনেবল- গরমের মৌসুমে এটাই মীরার ‘ট্রাভেল ড্রেস কোড’। ছুটিতে মীরা রাজপুতের পরা তিনটি আউটফিট নিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। দেখে নেওয়া যাক কেমন ছিলো তাঁর ট্রাভেল ফ্যাশন স্টেটমেন্ট।

হালকা সাজে অপরূপা মীরা

ডেনিমে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন মীরা। তাঁর ফ্যাশন স্টেটমেন্টে দেখা যায়, ক্লাসিক ডেনিম শার্টের হাতা সামনের দিকে গুটিয়ে রেখেছিলেন মীরা। শার্টের ফ্লোরাল এমব্রয়ডারি খুব সহজেই চোখ কেড়ে নেয়। ডেনিমের নিচে একদম বেসিক সাদা টি-শার্ট পরেছিলেন মীরা। এটাই যেন পাল্টে দিয়েছে তাঁর পুরো লুক।

ক্লাসিক ডেনিম শার্টের হাতা সামনের দিকে গুটিয়ে রেখেছিলেন মীরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

ডেনিম অন ডেনিম লুকটাকে সম্পন্ন করতে মীরা বটমে পরেন ডেনিমেরই ওয়াইড লেগ। সাধারণ এই লুকে ‘লাক্সারি’ ছোঁয়া আনতে অ্যাকসেসরিজ হিসেবে মীরা কাঁধে নেন ডিওরের ক্রস বডি ব্যাগ। আর কানে ছোট্ট সোনালি হুপ ইয়ার রিং। সাজের কোথাও ছিলো না আহামরি ভাব। তবে মেকআপ ছিল পুরোদস্তুর মিনিমাল। হালকা সাজেই অপরূপা মীরা।

একরঙা পোশাকেও লাগেনি একঘেঁয়ে

ভেরানো ব্র্যান্ডের টকটকে লাল একরঙা কো-অর্ডটি তাঁকে দারুণ মনিয়ে গিয়েছে। পোশাকটিতে মোটেই থাকছে একঘেঁয়ে লাগেনি। এ সময় বেল স্লিভের লাল ফুলহাতা শার্টটির কলারের বোতাম খুলে রেখেছিলেন মীরা। আর বডিতে ছিল কন্ট্রাস্ট নকশা।

পোশাকটি একরঙা হলেও মোটেই তাঁকে একঘেঁয়ে লাগেনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

শার্টের সঙ্গে ম্যাচিং করে মীরা পরেছিলেন লাল ট্রাউজার, যার হেমেও শার্টের মতোই প্রিন্ট করা ছিল। গতদিনের ক্রসবডি ব্যাগটা এই আউটফিটের সাথেও স্বাচ্ছন্দ্যে বহন করেন মীরা। পায়ে ছিল লোরো পিয়ানার লোফার শু। 

মনোক্রোমে ছড়িয়েছেন মুগ্ধতা

একদম সিম্পল আর স্টাইলিশ লুকের জন্য মীরার এই মনোক্রোম আউটফিট একদম পারফেক্ট। এই লুকের জন্য কালো প্যাটার্নের ক্রিস্প হোয়াইট শার্ট পরেন মীরা। আর সাদা ট্রাউজারে নিখুঁতভাবে ইন করে রেখেছিলেন শার্টটি। হালকা সোনালি কানের দুল সঙ্গে কালো সানগ্লাসে বেশ লাগছিল মীরাকে।

স্টাইলিশ লুকের জন্য মীরার এই মনোক্রোম আউটফিট একদম পারফেক্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

এবারও ডিওরের ব্যাগই বেছে নেন, তবে পোশাকের সঙ্গে মিল রেখে রঙ ছিল কালো। পুরো লুকে রঙের ছটা বহন করছিল পায়ের হলুদ স্লাইডার জোড়া। ভ্রমণে গেলে মীরা যে একদমই মেকআপ করতে পছন্দ করেন না, সেই ছাপ ছিল এখানেও। চুলটা টেনে পনিটেইল করে রেখেছিলেন তিনি।    

তথ্যসূত্র: পিংকভিলা