আসল সিল্ক শাড়ি চেনার ৫ সহজ উপায়

সিল্ক শাড়ি দীর্ঘদিন ধরে দেশি পরিবারগুলোর অভিজাত সৌন্দর্যের প্রতীক হয়ে এসেছে। এর মসৃণ টেক্সচার, বিলাসবহুল অনুভূতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক একে বিশেষ করে তোলে। সিল্ক শাড়ি শুধু পরার জন্যই নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ ও ভালোবাসার মতো এক মূল্যবান ঐতিহ্য।

এই শাড়ির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাজারে নকল সিল্কের সংখ্যাও বেড়েছে। এমন পরিস্থিতিতে, আপনার সিল্ক শাড়িটি আসল কিনা তা কীভাবে বুঝবেন?

নিচে আসল সিল্ক চিনতে পাঁচটি সহজ উপায় দেওয়া হলো।

কাপড়ের বৈশিষ্ট্য 
আপনার শাড়িটি আসল সিল্ক কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো, এটি স্পর্শ করে অনুভব করা। আসল সিল্ক অনেকটা নরম এবং মসৃণ হয়। ফলে স্পর্শ করলেই শীতল অনুভূত হয়। যদি আপনার শাড়িটি পিচ্ছিল বা খুব শক্ত মনে হয়। তবে সেই শাড়িটি সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি। যা আসল সিল্ক নয়।

মোচড় দিয়ে দেখুন
কাপড়ের একটু অংশ নিয়ে হালকা করে মোচড় দিন বা চেপে ধরুন। আসল সিল্ক হলে সামান্য ভাঁজ হবে। কিন্তু সেটা কিছুক্ষণ পরেই মিলিয়ে যাবে। কারণ সিল্ক প্রাকৃতিকভাবে নরম ও স্থিতিস্থাপক। কিন্তু সিনথেটিক কাপড় হলে ভাঁজ অনেকক্ষণ থাকবে। এমনকি এই ভাঁজ স্থায়ীও হতে পারে।

আগুনে ধরুন
কাপড়ের একটি ছোট টুকরো নিয়ে আগুনে ধরুন। আসল সিল্ক হলে তা ধীরে ধীরে পুড়বে। আর তাতে হালকা চুল পোড়ার মতো গন্ধ বের হবে। এই কাপড় পুড়ে নরম কালো ছাই হয়ে যাবে। যা সহজেই ভেঙে যাবে। কিন্তু সিনথেটিক কাপড় হলে, পুড়লে গলে যাবে বা সঙ্কুচিত হবে। আর প্লাস্টিকের মতো গন্ধ বের হবে। কাপড় শক্ত গোলাকার দাগ পড়ে যাবে। এই টেস্ট শাড়ির কোনো বাড়তি অংশ থেকে নিয়ে করতে পারেন। অনেক সময় শাড়িতে আলগা সুতা থাকে, সেই অংশ থেকে নিতে পারেন।

পানি শোষণ পরীক্ষা
আপনার শাড়ির উপর এক ফোঁটা পানি ফেলে দিন। আসল সিল্ক হলে পানি ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তারপর সময়ের সাথে শোষিত হবে। কারণ এর প্রাকৃতিক গঠন এমন। তবে সিনথেটিক কাপড় পানির ফোঁটা ঠেকিয়ে দেবে। পানির ফোঁটা কাপড়ের উপরেই থাকবে বা গড়িয়ে পড়ে যাবে।

উজ্জ্বলতা দেখুন
সিল্কের শাড়ি এমনিতেই চকচকে হয়। তাই শাড়ির চকচকে ভাব ভালো করে লক্ষ্য করুন। আসল সিল্কে হালকা, প্রাকৃতিক উজ্জ্বলতা থাকে। যা আলো পড়লে পরিবর্তিত হয়, আর সুন্দর আভা দেয়। নকল সিল্কে অতিরিক্ত চকচকে ভাব থাকে। যা কৃত্রিম মনে হয়। এছাড়াও, বুনন দেখুন। আসল সিল্ক শাড়িতে সাধারণত জটিল ও সুন্দর নকশা থাকে। তবে নকল শাড়িগুলো মেশিনে তৈরি মনে হবে।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ