রোলেক্সকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি ‘প্যাটেক ফিলিপ’

বিশ্বজুড়ে ঘড়ির নিলামে রোলেক্স বা রিচার্ড মিলের আধিপত্য দীর্ঘদিনের। তবে ২০২৫ সালে এই ধারায় এল বড়সড় পরিবর্তন। নিউইয়র্কে সোথবি’স আয়োজিত একটি নিলামে ইতিহাস গড়ল প্যাটেক ফিলিপ।

সেখানে পিংক গোল্ডের একটি বিরল ঘড়ি, প্যাটেক ফিলিপ রেফারেন্স ২৪৯৯, বিক্রি হয়েছে ৪৩ লাখ মার্কিন ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫২ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা। আর চলতি বছরের এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ঘড়ি এটি।

ঘড়ির ডায়েলে বিখ্যাত ইতালিয়ান ঘড়ির রিটেইলার গব্বি মিলানোর নাম যুক্ত হওয়ায় এর দাম বেড়ে যায় বহুগুণে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কেন এত দামি এই ঘড়িটি?

প্যাটেক ফিলিপ এমনিতেই বিলাসী ও ঐতিহ্যবাহী ঘড়ির প্রতীক। কিন্তু এই নির্দিষ্ট মডেলটির বিশেষত্ব অন্য। এটি তৈরি করা হয়েছিল বিখ্যাত ইতালিয়ান ঘড়ির রিটেইলার গব্বি মিলানোর জন্য। রেফারেন্স ২৪৯৯ মডেলের পিংক গোল্ড সংস্করণ এমনিতেই অত্যন্ত বিরল। তার ওপর গব্বি মিলানোর সিগনেচার যুক্ত হওয়ায় এর সংগ্রহযোগ্যতা বহুগুণে বেড়ে যায়।

নিলামটি অনুষ্ঠিত হয়েছিল সোথবি’স-এর ‘লাক্সারি উইক’-এর অংশ হিসেবে। এই নিলামে অংশ নেয় বিভিন্ন দেশের সংগ্রাহক ও ঘড়ি বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত ৪৩ লাখ ডলারে হাতুড়ি পড়তেই, ঘড়িটি ২০২৫ সালের শীর্ষ বিক্রির ঘড়ি হিসেবে জায়গা করে নেয়।

সোথবি’স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো নিলামে মোট বিক্রি হয়েছে ২ কোটি ৪ লাখ ডলারের ঘড়ি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এই প্যাটেক ফিলিপ।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র দাম নয়, ঘড়িটির নকশা, ইতিহাস ও দুর্লভতার কারণেই এটি ঘড়ি জগতের অন্যতম গুরুত্বপূর্ণ মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ঘড়ি মহলে এই বিক্রিকে ধরা হচ্ছে ২০২৫ সালের অন্যতম বড় ঘটনা হিসেবে।