প্যারিস ফ্যাশন উইক

ঐতিহ্যের ভেতর আধুনিকতা, অ্যান্ডারসনের চোখে নতুন ডিওর

প্যারিস ফ্যাশন উইকের আলো ঝলমলে মঞ্চে এবার ডিওরের নারী ফ্যাশনে এল এক নতুন অধ্যায়। ১ অক্টোবর সেই রানওয়েতে হাজির ছিলেন নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর জনাথন অ্যান্ডারসন। যিনি নিজের হাতের ছোঁয়ায় ডিওরের ঐতিহ্যবাহী নকশায় আনলেন এক ভিন্ন আঙ্গিক।

অ্যান্ডারসন এ বছরের মার্চে এলভিএমএইচ গ্রুপের মালিকানাধীন এই বিশ্বখ্যাত ব্র্যান্ডের দায়িত্ব নেন। জুনে তিনি উপস্থাপন করেছিলেন পুরুষদের কালেকশন। এবার প্রথমবারের মতো নারীদের রেডি-টু-ওয়্যার কালেকশনে দেখালেন তাঁর নিজস্ব ভাবনা ও সাহসী নান্দনিকতা।

ক্যাজুয়াল পোশাকের মধ্যে কৌতুরের ছোঁয়া ও নারীত্বে অ্যান্ড্রোজিনাস ভাব। ছবি: রয়টার্স

বার জ্যাকেটে নতুনত্ব

ডিওরের ক্লাসিক ‘বার জ্যাকেট’ দীর্ঘদিন ধরে ফ্যাশনপ্রেমীদের কাছে ছিল নারীত্বের প্রতীক। এবার সেই জ্যাকেটকেই নতুনভাবে উপস্থাপন করলেন অ্যান্ডারসন। কোমরের জায়গায় রাখলেন ঢিলেঢালা কাট। আর পিছনের অংশে বাড়ালেন ভলিউম। সঙ্গে ছিল পেছনে উঠে আসা প্লিটেড মিনি স্কার্ট। যা একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতার মেলবন্ধন।

হারডসের ফ্যাশন ডিরেক্টর সাইমন লংল্যান্ড বলেন, ‘এই কালেকশন ছিল এক রোমাঞ্চকর বৈপরীত্যের খেলা। ক্যাজুয়াল পোশাকের মধ্যে কৌতুরের ছোঁয়া ও নারীত্বে অ্যান্ড্রোজিনাস ভাব। আবার কখনও ঢাকা পোশাকের পাশে স্বচ্ছতার ইঙ্গিত।’

রানওয়ের শেষে অ্যান্ডারসন প্রবেশ করলেই দর্শকাসন তখন দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাল। ছবি: রয়টার্স

পুরোনো থেকে শুরু

শো শুরু হয় সাদাকালো এক দ্রুতগামী ভিডিও দিয়ে। যেখানে ডিওরের অতীতকে দেখানো হয়। তারপরেই মঞ্চে আসেন মডেলরা। তাদের পরনে মিনি স্কার্ট, লম্বা উলের কেপ, উঁচু কলারওয়ালা জ্যাকেট, পেছনে খোলা গাউন, আর হালকা নিট পোশাক। ডেনিমের ক্ষেত্রেও ছিল নতুনত্ব। কোথাও চিকন, কোথাও ব্যারেল লেগ কাট। অনেক কোটেই ছিল রাজকীয় রংয়ের ছোঁয়া।

তারকায় ভরা দর্শকাসন

রানওয়ের শেষে অ্যান্ডারসন যখন ঝটপট মঞ্চে মাথা নোয়ালেন, তখন দর্শকাসন দাঁড়িয়ে অভিবাদন জানাল তাঁকে। সামনে ছিলেন কেপপ তারকা জিমিন ও জিসু, অভিনেত্রী জেনিফার লরেন্স, জেনা ওর্টেগা, মিকি ম্যাডিসন ও অভিনেতা জনি ডেপ।

ডিওরের এই নতুন দিকচিহ্ন যেন জানিয়ে দিল, বিলাসিতা শুধু ঐতিহ্যে নয়, সাহসী রূপান্তরেও নিহিত। প্যারিসের রানওয়েতে এবার একসঙ্গে হাঁটল ক্লাসিক ডিওর আর জনাথন অ্যান্ডারসনের আধুনিক দৃষ্টি।