করবা চৌথে প্রিয়াঙ্কার ব্যতিক্রমী সাজ

করবা চৌথ মানেই লাল শাড়ি, গয়নার ঝলকানি আর জমকালো সাজ। বছরের পর বছর ধরে বলিউডের তারকারা যেন এই উৎসবকে পরিণত করেছেন এক ফ্যাশন মঞ্চে। তবে গত বছর সেই প্রচলিত ধারায় ভাঙন ধরিয়েছিলেন বলিউডের দেশি গার্ল, প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রমাণ করেছিলেন, ঐতিহ্য এবং আরাম একসঙ্গেই চলতে পারে।

করবা চৌথ হলো ভারতের উত্তরাঞ্চলের এক জনপ্রিয় হিন্দু দাম্পত্য উৎসব। যা মূলত বিবাহিত নারীরা পালন করেন তাঁদের স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায়। এটি বিশেষত উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও দিল্লি অঞ্চলে বেশি প্রচলিত। করবা চৌথ পালিত হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে। অর্থাৎ পূর্ণিমার চার দিন আগে। সাধারণত অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের শুরুতে পড়ে এই দিন।

আচার-অনুষ্ঠানের সময় মাথায় জড়িয়ে নিয়েছিলেন সাদামাটা লাল ওড়না। ছবি: ইনস্টাগ্রাম থেকে

করবা চৌথের দিন প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন অ্যাডিডাস অরিজিনালস ও আইভি পার্কের যৌথ কালেকশন থেকে নেওয়া ভেলভেট ট্র্যাকস্যুট। গাঢ় বেরি লাল রঙের সেই পোশাকে ছিল ওভারসাইজ জিপ-আপ জ্যাকেট আর তার সঙ্গে মানানসই প্যান্ট। উৎসবের দিনে এমন পোশাক সাধারণত দেখা যায় না। আর সেটাই যেন তাঁকে ভিড়ের মধ্যেও আলাদা করে তুলেছিল।

তবে আধুনিক এই পোশাকের মাঝেও তিনি ভুলে যাননি উৎসবের মূল ভাবনা। আচার-অনুষ্ঠানের সময় মাথায় জড়িয়ে নিয়েছিলেন সাদামাটা লাল ওড়না। মুখে হালকা মেকআপ, চুল বাঁধা ছিল সহজ এক খোঁপায়। ঝলমলে সাজ নয়, বরং স্বাচ্ছন্দ্য আর আত্মবিশ্বাসেই ফুটে উঠেছিল তাঁর সৌন্দর্য।

প্রিয়াঙ্কার হাতে দেখা গিয়েছিল মেহেদির নকশা। যা করবা চৌথের ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছিল। তাঁর হাতে লাল চুড়ি, গলায় মঙ্গলসূত্র আর হালকা সোনার গয়না।

অন্যদিকে, প্রতিবছরের মতো এবারও সুনীতা কপূরের বাড়িতে করবা চৌথের পূজায় হাজির হয়েছিলেন বহু বলিউড তারকা। তাঁদের মধ্যে নজর কেড়েছিলেন শিল্পা শেট্টি। সিন্দুরি লাল রঙের শাড়িতে, সূক্ষ্ম সোনালি কাজ আর স্লেভলেস ব্লাউজে শিল্পার সাজে ফুটে উঠেছিল রাজকীয় আভা। গত বছর তাঁকে দেখা গিয়েছিল একখানা লাল বেনারসি লেহেঙ্গায়। যেটি শাড়ির মতো করে ড্রেপ করা হয়েছিল। ভারী বর্ডারওয়ালা ওড়না আর গয়নায় তাঁর সাজ ছিল সম্পূর্ণ উৎসবমুখর।

যেখানে শিল্পা ঐতিহ্যের জাঁকজমকে সাজলেন। সেখানে প্রিয়াঙ্কা বেছে নিলেন সরলতা ও আরামের নতুন ব্যাখ্যা। দুই সাজের ভিন্নতায়ই যেন ফুটে উঠল করবা চৌথের আসল সৌন্দর্য, নিজের মতো করে উদ্‌যাপন।