অনুপ্রেরণা নিন তারকাদের থেকে, সাজিয়ে তুলুন নিজের শীতকালীন লুক

শীত মানে শুধু ঠান্ডায় কাঁপুনি নয়, এটা যেন ফ্যাশনের মৌসুম। নরম নিট, বড়সড় কোট, চকচকে বুট, গলায় স্কার্ফ, সব মিলিয়ে এক রঙিন আয়োজন। সময়ে সঙ্গে সঙ্গে পাল্টেছে জীবনযাত্রা, সেই সাথে বদলেছে স্টাইলও। এখন দেশীয় ফ্যাশনেও যুক্ত হয়েছে পশ্চিমা লুক। দেশের বড় বড় ব্র্যান্ডের পোশাকের স্টোরগুলোতেও দেখা মিলছে আধুনিক পোশাক। আর শীত যেন সেসব পোশাকের জন্য একদম ঠিকঠাক। তাই তো দিন দিন আমাদের দেশেও কদর বাড়ছে ওয়েস্টান পোশাকের।

তবে এসব পোশাক সেট ধরে কিনতে পাওয়া যায় না। পরতে হয় লেয়ারিং বা একের পর এক পোশাক মিলিয়ে। তাই অনেকেরই দ্বিধা থাকেন কী পরবেন আর কীভাবে পরবেন। কোন কাপড়ের সঙ্গে কোনটা মানাবে, কেমন রঙের ভারসাম্য রাখলে সাজে আসবে সেই কাঙ্ক্ষিত ‘চিক’ ছোঁয়া। তাই এবার তারকাদের ফ্যাশনই হতে পারে আপনার অনুপ্রেরণা। শীত পোশাকে সেজে উঠতে পারেন তাদের মতই।

প্রিয় তারকারা যখন রাস্তায় নামেন আর উষ্ণ, ফ্যাশনেবল সাজে দেখা দেন। তখন তাদের পোশাক থেকেই পাওয়া যায় অনুপ্রেরণা। আর সবচেয়ে ভালো খবর হলো, এমন লুক পেতে আপনার দরকার নেই দামি ডিজাইনার পোশাক বা কোনো স্টাইলিস্ট। শুধু দরকার ঠিকঠাক লেয়ারিং, মানানসই পোশাক আর আত্মবিশ্বাস।

নিচে রইল তেমনই কিছু তারকা-অনুপ্রাণিত সাজের আইডিয়া। যা সহজেই মানিয়ে নিতে পারেন আপনার নিজের স্টাইলে।

অনন্যা পাণ্ডে: চটকদার ও পরিপাটি

ঠান্ডাতেও যদি আপনি থাকতে চান একদম স্টাইলিশ তবে অনন্যা পাণ্ডের এই লুক হতে পারে প্রেরণা। লম্বা আরামদায়ক কোটের সঙ্গে পরতে পারেন ছোট স্কার্ট। তার নিচে ফিটেড রোল-নেক সোয়েটার। উষ্ণতার সাথে মিলবে স্টাইলও। শিয়ার টাইটস এবং হাঁটুর সমান বুট পুরো সাজটিতে আনবে বাড়তি আবেদন। দেশের বাইরে ঘুরতে গেলে এটা মাস্ট। ছোট স্ট্রাকচার্ড বা বটুয়া টাইপের ব্যাগ যোগ করবে আভিজাত্য। একটি নির্দিষ্ট রঙের ধরে রাখলে পুরো লুকটিই দেখাবে বেশ এক্সপেন্সিভ।

ঠান্ডাতেও যদি আপনি থাকতে চান গুছিয়ে ও পরিশীলিত, অনন্যা পাণ্ডের এই লুক হতে পারে প্রেরণা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বেলা হাদিদ: স্ট্রিট স্টাইলের স্পোর্টি ছোঁয়া

বেলা হাদিদের ফ্যাশন মানেই যেন আরাম আর আত্মবিশ্বাস। বড় পাফার জ্যাকেটের সঙ্গে পরতে পারেন হুডি। এটি একদিকে আপনাকে দেবে উষ্ণ ছোঁয়া, অন্যদিকে রাখবে কুল। তার সঙ্গে মোটা ফেব্রিকে প্যান্ট ও জুতা, পুরো সাজে আসবে দারুণ এক স্বতঃস্ফূর্ত ভারসাম্য। এই স্টাইল আরও পারফেক্ট করতে বেলা হাদিদ পরেছেন চিকন সানগ্লাস। যা তাকে দিয়েছে ‘মডেল অফ ডিউটি’ ভাইব।

হেইলি বিবার: আধুনিক প্রেপি লুক

লম্বা উল কোট, ছোট প্লিটেড স্কার্ট আর নরম নিট। এই তিনের মিলেই হেইলি বিবারের সাজটি একসঙ্গে কিউট, আর পারফেক্ট। মোটা লোফার জুতার সঙ্গে সাদা মোজা রাখলে সাজে আসবে তারুণ্যের উচ্ছ্বাস। ছোট সানগ্লাস দেবে দারুণ এক ছোঁয়া। শীতের কফি ডেট বা বন্ধুদের সঙ্গে নির্ভার আড্ডার জন্য এটি হতে পারে দারুণ সাজ।

কেন্ডাল জেনার: নীরব আভিজাত্যের পাঠ

কেন্ডাল জেনারের ফ্যাশন সব সময়েই থাকে পরিপাটি। গাঢ় রঙের লম্বা কোট, নিউট্রাল রঙের সোয়েটার আর ফিটেড প্যান্ট। এই কম্বিনেশন তৈরি করে একদম স্মার্ট ও পরিচ্ছন্ন সিলুয়েট। হাঁটু-সমান বুট রাখবে উষ্ণতা। আর নরম ব্যাগ আনবে আরামদায়ক ভারসাম্য। কোয়াইট লাক্সারি প্রেমীরা সহজেই নিতে পারেন এই সাজের অনুপ্রেরণা।

এই কম্বিনেশন তৈরি করে একদম স্মার্ট ও পরিচ্ছন্ন সিলুয়েট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রিয়াঙ্কা চোপড়া: সাদা পোশাকে শীতের উজ্জ্বলতা

শীতে সাদা পোশাক পরা মানেই এক রোমাঞ্চকর অনুভূতি সাহস। প্রিয়াঙ্কা চোপড়ার সাজে সাদা ও ক্রিম টোনের মিলন একেবারে চোখে লাগার মতো। ফিটেড রোল-নেক সোয়েটার, সোজা জিনস আর মিলিয়ে বুট, তৈরি করবে পরিচ্ছন্ন এক বেস। তার ওপর ফ্লাফি জ্যাকেট এনে দেবে উষ্ণতার পরশ। টোট ব্যাগ আর ছোট সানগ্লাস দিয়ে সম্পূর্ণ হবে শীতের সেই নিখুঁত লুক। চাইলে এই সাদা বেসের সঙ্গে দিতে পারেন উজ্জ্বল রঙের ছোঁয়া, নিজের মতো করে।

সুকি ওয়াটারহাউস: কজি রক-চিক ভাইব

সুকি ওয়াটারহাউসের সাজ যেন শহুরে ফ্যাশনের এক রকস্টার রূপ। ফ’ফার কোটই এই সাজের কেন্দ্রবিন্দু। এর নিচে ফিটেড নিট, ডেনিম শর্টস আর শিয়ার টাইটস, তরুণ ও প্রাণবন্ত। মোটা কালো বুটে আসে খানিকটা রাগী স্টাইলের ছোঁয়া। রাতের আড্ডা, ডিনার বা শীতের মৃদু হাওয়া উপভোগের সন্ধ্যা, সবকিছুতেই মানাবে এই সাজ।

শীতের ফ্যাশনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে নিজের মতো করে সাজিয়ে তোলার আনন্দে। তারকাদের অনুপ্রেরণা নিন। তবে রাখুন নিজের রুচি ও আত্মবিশ্বাসের ছাপ। তাহলেই আপনার শীতকালীন ফ্যাশন হয়ে উঠবে একদম নিজস্ব ও অনন্য।