লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। সিনেমার পুরস্কারের পাশাপাশি এই মঞ্চ বরাবরই সৌন্দর্য ও ফ্যাশন দুনিয়ার বড় অনুপ্রেরণা। এ বছরের অস্কারও তার ব্যতিক্রম নয়। ভ্যাম্পায়ার দাঁত, বার্বিকোর মেকআপ আর ভাস্কর্যের মতো নখ। সব মিলিয়ে লাল গালিচায় দেখা গেছে ক্লাসিক গ্ল্যামার আর সাহসী পরীক্ষার মিশেল।
প্রতি বছরই অস্কারের লাল গালিচা ঠিক করে দেয়, আগামী দিনে মেকআপ, হেয়ারস্টাইল কিংবা বিউটি ট্রেন্ড কোন দিকে যাবে। এবারের আয়োজনে যেমন নরম কনট্যুর, নাটকীয় চোখের সাজ আর স্টেটমেন্ট হেয়ারস্টাইল ছিল চোখে পড়ার মতো। দেখে নিন এ বছরের সবচেয়ে আলোচিত কিছু বিউটি লুক।
ভ্যাম্পায়ার লুকে জ্যাক ও’কনেল
আইভরি রঙের পরিপাটি টাক্সেডো পরে লাল গালিচায় হাজির হন জ্যাক ও’কনেল। তবে পোশাক নয়, সবার নজর কাড়ে তার ভিন্নধর্মী সাজ। তিনি পরেছিলেন কৃত্রিম ভ্যাম্পায়ার দাঁত। যা তার নতুন ছবি সিনার্সে ভ্যাম্পায়ার চরিত্রের প্রতি ইঙ্গিত।
ডার্ক সানগ্লাস আর স্বাভাবিক হাসির সঙ্গে এই ছোট্ট সংযোজন তার লুককে করে তোলে নাটকীয় ও ব্যতিক্রমী। লাল গালিচায় এমন সাহসী এক্সপেরিমেন্ট খুব একটা দেখা যায় না।
বার্বিকোর গ্লোতে ম্যাকেনা গ্রেস
নরম গোলাপি সাটিন গাউনে হাজির হন ম্যাকেনা গ্রেস। স্ট্র্যাপলেস এই পোশাকে ছিল ক্লাসিক রেড কার্পেট সিলুয়েট ফিটেড বডিস আর নিচে ভলিউমিনাস স্কার্ট।
তার মেকআপ ছিল একেবারেই পরিমিত কিন্তু ঝলমলে। ত্বকে ছিল হালকা উজ্জ্বল বেস, গালে সফট ব্লাশ ও হাইলাইটার। চোখে হালকা শ্যাডো আর মাসকারা, ঠোঁটে পোশাকের সঙ্গে মিলিয়ে গোলাপি লিপস্টিক। পুরো লুকটিকে বলা যায় আধুনিক ছোঁয়ার ‘বার্বিকোর’।
ভাস্কর্যের মতো নখে অড্রি নুনা
গায়িকা অড্রি নুনা লাল গালিচায় আসেন কাস্টম লুকে। যেখানে ছিল স্ট্রাকচার্ড ব্লেজার, সোনালি সিকুইন আর ভলিউমিনাস স্কার্ট।
তবে তার সাজের সবচেয়ে নজরকাড়া দিক ছিল নখ। সোনালি ক্রোম ফিনিশের ওপর থ্রিডি ডিজাইন করা নখ যেন ছোট্ট ভাস্কর্য। অনুপ্রেরণা এসেছে অস্কারের স্বর্ণমূর্তি থেকে। এই নখের ডিজাইন পুরো লুকের সোনালি থিমকে আরও জোরালো করেছে।