অনুষ্ঠানে হালকা কিন্তু এলিগ্যান্ট লুক চান? দেখে নিন আলিয়ার সাজ

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ফ্যাশন বরাবরই আলাদা। তিনি কখনোই অযথা ঝলমলে বা চোখে পড়ার মতো সাজে ভরসা করেন না। বরং তাঁর স্টাইলে থাকে সরলতা, স্বাভাবিকতা আর এক ধরনের নরম সৌন্দর্য। তাই তাঁর লুকগুলো খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও সহজেই মনে জায়গা করে নেয়।

সম্প্রতি আলিয়ার একটি শাড়ির লুক আবারও সেই কথাই মনে করিয়ে দিল। যেখানে রয়েছে হালকা রং, সূক্ষ্ম কাজ আর পরিমিত সাজ। সব মিলিয়ে এক শান্ত, এলিগ্যান্ট উপস্থিতি।

মিণ্ট সবুজ শাড়িতে সতেজতা

এই লুকে আলিয়া পরেছেন জ্যাডনের একটি মিণ্ট সবুজ অর্গানজা শাড়ি। অর্গানজা কাপড়ের বৈশিষ্ট্য হলো এর হালকাতা ও স্বচ্ছতা। ফলে শাড়িটি দেখতে যেমন নরম, তেমনি পরলেও আরামদায়ক লাগে।

শাড়িটির ওপর সূর্যের নরম আলো পড়লে এক ধরনের হালকা ঝলক তৈরি হয়। যা পুরো লুকটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ভারী বা জমকালো পোশাকের মতো এটি নজর কাড়ার চেষ্টা করে না। তবে তাকে যে আকর্ষণীয় করে তুলেছে এটা নিশ্চিত।

সূক্ষ্ম কারুকাজে বাড়তি সৌন্দর্য

শাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফুলেল এমব্রয়ডারি। সবুজের বিভিন্ন শেড এবং হালকা সিলভার কাজ দিয়ে তৈরি এই নকশাগুলো শাড়ির ওপর ছড়িয়ে আছে খুব স্বাভাবিকভাবে। কোথাও অতিরিক্ত ভারী মনে হয় না। বরং মনে হয় যেন কাপড়ের ওপর ভেসে আছে।

এই ধরনের সূক্ষ্ম কাজ শাড়ির সৌন্দর্য বাড়ায়, কিন্তু নিজে আলাদা করে নজর কাড়ে না। যা মিনিমাল স্টাইলের একটি বড় বৈশিষ্ট্য।

ব্লাউজে আধুনিক ছোঁয়া

শাড়ির সঙ্গে আলিয়া পরেছেন একই রঙের স্লিভলেস ব্লাউজ। এর নেকলাইন সামান্য খোলা এবং কাট বেশ আধুনিক। ফলে শাড়ির নরম ও ভাসমান ভাবের সঙ্গে একটি সুন্দর ভারসাম্য তৈরি হয়েছে।

স্টাইলিং করেছেন প্রিয়াঙ্কা কাপাডিয়া। তিনি শাড়িটি খুব পরিপাটি করে পরিয়েছেন। সুন্দর প্লিটস এবং হালকা পল্লু, যাতে কাপড়ের সৌন্দর্যটাই বেশি ফুটে ওঠে।

গয়নায় পরিমিত সৌন্দর্য

গয়নার ক্ষেত্রেও আলিয়া খুব বেশি ভারী কিছু বেছে নেননি। তিনি পরেছেন একটি কুন্দন চোকার, যেখানে হালকা পাথর ও ডায়মন্ডের কাজ রয়েছে। এর সঙ্গে সাদামাটা সোনালি দুল পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে।

এই গয়নাগুলো শাড়ির সৌন্দর্যকে বাড়িয়েছে, কিন্তু কোথাও সেটিকে ছাপিয়ে যায়নি।

মেকআপ ও চুলে স্বাভাবিক লুক

মেকআপ ছিল একেবারেই হালকা ও ফ্রেশ। চোখে নরম শেড। গালে হালকা ব্লাশ। আর ঠোঁটে পিঙ্ক-নিউড গ্লসি রঙ। মাঝখান দিয়ে সিঁথি করে, চুল রাখা হয়েছে ন্যাচারাল ওয়েভে। এতে পুরো লুকটি আরও সহজ ও স্বাভাবিক মনে হয়েছে।

কেন এই লুকটি আলাদা

এই লুকের সবচেয়ে বড় শক্তি হলো এর সরলতা। কোথাও বাড়াবাড়ি নেই, আবার কোথাও কমতিও নেই। শাড়ি, ব্লাউজ, গয়না, মেকআপ সবকিছু মিলেই তৈরি হয়েছে পরিমিত স্টাইল।

আলিয়া ভাট আবারও দেখিয়েছেন, ফ্যাশনে জোরে নয়, আস্তে বলেও দাগ কাটা যায়। আর যারা উৎসব বা বিশেষ অনুষ্ঠানে হালকা কিন্তু এলিগ্যান্ট লুক চান। তাদের জন্য এই সাজ হতে পারে দারুণ অনুপ্রেরণা।