পহেলা বৈশাখকে ঘিরে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক উৎসব আরও রঙিন করে তুলতে নতুন তাঁতের পোশাকের সংগ্রহ বাজারে এনেছে গ্রামীণ চেক। এবারের আয়োজনে গরমের কথা মাথায় রেখে হালকা, আরামদায়ক সুতির পোশাকের পাশাপাশি রাখা হয়েছে ঘর সাজানোর নানা উপকরণও।
ব্র্যান্ডটির এবারের বৈশাখী সংগ্রহে প্রাধান্য পেয়েছে বাঙালির চিরচেনা রং সাদা, লাল, সবুজ ও হলুদ। গরমের দিনে আরাম নিশ্চিত করতে পোশাকগুলো তৈরি করা হয়েছে হালকা কাপড়ে। একই সঙ্গে দামও রাখা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে।
পুরুষদের জন্য রয়েছে চেক পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এক্সিকিউটিভ শার্ট, ফতুয়া। অন্যদিকে নারীদের জন্য রাখা হয়েছে সুতি, হাফ সিল্ক, মসলিন ও সিল্কের শাড়ি। পাশাপাশি সালোয়ার-কামিজ, কুর্তি ও ম্যাক্সিও রয়েছে সংগ্রহে। শিশুদের জন্যও আলাদা পোশাকের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পরিবারের সবাই একসঙ্গে বৈশাখ উদ্যাপন করতে পারেন।
শুধু পোশাক নয়, ঘর সাজানোর উপকরণ হিসেবেও এসেছে গামছা, বেড কভার ও টেবিল কভার। পণ্যগুলো দীর্ঘস্থায়ী, ব্যবহারবান্ধব এবং সহজে ধোয়া যায়, এমনভাবেই তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে দেশের প্রান্তিক তাঁতিদের হাতে বোনা শতভাগ সুতির কাপড়কে আধুনিক ফ্যাশনে রূপ দিচ্ছে গ্রামীণ চেক। এই ধারাবাহিকতায় এবারের বৈশাখেও ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ দেশের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাজীপুরের শোরুমে পাওয়া যাচ্ছে এসব পোশাক। পাশাপাশি অনলাইন শপ grameencheck.com বা দারাজ থেকেও কেনার সুযোগ রয়েছে।