কুমিল্লায় নতুন আউটলেট চালু করল রঙ বাংলাদেশ

এবার কুমিল্লায় যাত্রা শুরু করল দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। এই নতুন আউটলেট চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি যেন ফিরিয়ে আনল পুরোনো সম্পর্ক, গড়ল নতুন এক বন্ধন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্যাশন ব্র্যান্ডটি জানিয়েছে, নগরের রানী বাজার এলাকায় নতুন ঠিকানায় চালু হওয়া এই আউটলেট শুধু একটি বিক্রয়কেন্দ্র নয়। এটি কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবকে ঘিরে এক নতুন অভিজ্ঞতার আয়োজন। বিশেষ করে সামনে আসা পহেলা বৈশাখ উপলক্ষে আউটলেটজুড়ে সাজানো হয়েছে বৈশাখী আবহে বিশেষ পোশাকের কালেকশন। প্রতিটি নকশায় ফুটে উঠেছে বাঙালিয়ানার ছোঁয়া, লোকজ শিল্পের প্রভাব এবং উৎসবের প্রাণচাঞ্চল্য।

এখানে পাওয়া যাবে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ নানা ধরনের পোশাক ও এক্সেসরিজ। ফলে কুমিল্লাবাসী এক জায়গা থেকেই সম্পূর্ণ করতে পারবেন তাদের বৈশাখী কেনাকাটা। শুধু ব্যক্তিগত নয়, পরিবারভিত্তিক সাজের বিষয়টিও রাখা হয়েছে গুরুত্বের সঙ্গে। কাপল, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজের আদলে সাজানো হয়েছে পোশাক। বাবা-মা-ছেলে-মেয়ে, সবাই এক রঙ ও থিমে নিজেদের সাজিয়ে নিতে পারবেন উৎসবের আনন্দে।

নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ অফারও। সব পণ্যে থাকছে ২০ শতাংশ ছাড়। যা বৈশাখের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আকর্ষণীয়। এই নতুন যাত্রা কুমিল্লার ফ্যাশনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক ভিন্ন মাত্রা। বৈশাখের রঙে রাঙাতে নতুন এই ঠিকানায় ভিড় জমবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।