বড়দিন মানেই মাজার রকমারি কেক। দোকান বা পেস্টিশপগুলোতে আসতে শুরু করেছে রকমারি কেক। হোটেলগুলোতেও চলছে বাহারি আয়োজন। তবে আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মজার কেক। তেমনই এক ক্রিসমাস কেকের রেসিপি দিয়েছেন ফারনাজ রহমান।
কেক বানাতে যা যা লাগবে
৭৫ গ্রাম শুকনো ক্র্যানবেরি, ১০০ গ্রাম কাটা খেজুর, ৭৫ গ্রাম কিসমিস, ১টি লেবু, ১ টেবিল চামচ জেস্ট, ৭৫ মিলি গ্রাম কমলালেবুর রস, ৭৫ গ্রাম বাটার, ১০০ গ্রাম ময়দা, ১/২ চা চামচ দারচিনির গুঁড়া, ১/৮ চা চামচ লবঙ্গ গুঁড়া, ২টি ডিম, ১/৪ চা চামচ বেকিং পাউডার, ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স, ৯০ গ্রাম ব্রাউন সুগার এবং ৫টি কাজুবাদাম।
কীভাবে বানাবেন কেক
একটি বড় পাত্রে ক্র্যানবেরি, খেজুর এবং কিসমিস নিন। এর সঙ্গে লেবুর রস, কমলালেবুর রস এবং অরেঞ্জ জেস্ট দিয়ে দিন। তারপর ড্রাইফ্রুটগুলোকে এভাবে সারারাত ভিজিয়ে রাখুন। ড্রাইফ্রুটগুলো একটি প্যানে ঢেলে ৩-৪ মিনিট আঁচে বসিয়ে সেদ্ধ করতে হবে। চুলা থেকে নামিয়ে এবার ঠাণ্ডা করে নিন। একটি বড় পাত্রে বাটার ও চিনি ফেটাতে হবে। তাতে ডিম দিয়ে আবার ভালো করে ফেটান। তার মধ্যে কাজুবাদাম, ভ্যানিলা এসেন্স, দারচিনি ও লবঙ্গের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। তারপর ময়দা ও বেকিং পাউডার মেশান। ড্রাইফ্রুটগুলো মিশ্রণটি দিন। এবার সব ব্যাটারকে বেকিংয়ের পাত্রে ঢেলে সমান করে নিতে হবে।
শুরুতেই আপনার ওভেনটি ১৬৯ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট দিয়ে রাখুন। এবার বেকিংয়ের পাত্রটি ওভেনে দিয়ে দিন। ৫০ মিনিট সময় ধরে দিন। তারপর কেকটি বের করে কাঠি দিয়ে চেক করে নিন। যদি দেখেন কাঠিটি পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, তাহলে আর বেক করার দরকার নেই। তা না হলে আরও একটু সময় বাড়িয়ে দিন। হয়ে এলে ওভেনের ভেতরে খানিকটা সময় রেখে দিন। তারপর কেকটি বের করে সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিতে হবে। প্যানটি সাবধানে তুলে এনে পার্চমেন্ট পেপার সরিয়ে নিন। কেকটি এবার কেটে পরিবেশন করুন। কেকে চাইলে আমন্ড, আখরোটসহ যেকোনো ড্রাইফ্রুট দেওয়া যায়। চকোলেটের স্বাদ আনতে কেকে কোকো পাউডার ব্যবহার করতে হবে।