শীতের গুড়ে মজার পিঠা

শীত মানেই বাহারি পিঠার আয়োজন। এই সময় খেঁজুরের গুড়ের তৈরি পিঠার অন্যরকম একটা আবেদন আছে। এবার তাই ভিন্নস্বাদের শীতের গুড়ের পিঠার রেসিপি দিয়েছেন শাহনাজ অন্তরা

যা যা লাগবে
গোবিন্দভোগ চাল ২৫০ গ্রাম, দুধ ১ লিটার, কোরানো নারকেল অর্ধেকটা, এলাচ গুঁড়া ১ চা-চামচ, কাজু বাদাম ১০০ গ্রাম, পেস্তা কুচি ২ চা-চামচ, পাটালি গুড় ৩০০ গ্রাম এবং ঘি ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে চাল পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ছেঁকে ফেলে দিয়ে, মিক্সিতে আধভাঙা করে পিষে নিন। কড়াইতে দুধ ফুটিয়ে তাতে চাল দিন, খেয়াল রাখবেন আঁচ যেন কম থাকে। তারপর নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দুধ ঘন হয়ে এলে আর চাল সেদ্ধ হয়ে গেলে, তাতে নারকেল কোরানো দিন। আবারও নাড়তে থাকুন। এরপর পাটালি গুড়, কাজুবাদাম কুচি, ছোট এলাচ গুঁড়া ও ঘি দিয়ে ভালভাবে নাড়াচাড়া করে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। প্লেটে ঘি ব্রাশ করে মিশ্রণটি ছড়িয়ে দিন। উপরে পেস্তা কুচি ছড়িয়ে পাঁচ-ছ’ঘণ্টা রেখে দিন। জমে শক্ত হয়ে এলে ইচ্ছেমতো আকারে কেটে পরিবেশন করুন।