সাহরির সহজ ৩ রেসিপি

বছর ঘুরে আবারও চলে এসেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ভোররাতে সাহরি খেয়ে সারাদিন খাবার ও পানীয় বর্জন করে সংযম পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। আর ইফতারের মধ্যে দিয়ে শেষ হয় এই এই সংযম। যেহেতু লম্বা একটা সময খালি পেটে থাকতে হয়, তাই সাহরিতে খাবার খেতে হবে বুঝে-শুনে। হালকা মশলা এবং পেট ঠান্ডা রাখে এমনকিছু রেসিপি দিয়েছেন শবনম রহমান

রান্না করতে পারেন পুটির টাটকা ঝোল। ছবি: শবনম রহমান

পুঁটির টকটকা ঝোল

উপকরণ: সরপুঁটি মাছ ৫০০ গ্রাম, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, গোটা মেথি ১/২ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, শুকনো মরিচ ৩টি, আদা-রসুন বাটা ১ চা-চামচ, সরিষা বাটা, ১ চা-চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: পাঁচফোড়ন ও ১টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিন। এবার মাছে লবণ, হলুদ ও ১/৪ চা-চামচ তৈরি করা মশলা দিয়ে ম্যারিনেট করে পাঁচ থেকে ছয় মিনিট রাখুন। প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখুন। তারপর একই তেলে গোটা মেথি ও ২টি শুকনো মরিচ ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে সামান্য ভেজে আদা-রসুন বাটা দিন। এবার ভেজে রাখা মশলা, হলুদ, লবণ ও সামান্য পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করুন। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর পরিমাণমতো পানি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। দুই-তিন মিনিট ফুটিয়ে তাতে ভাজা মাছ দিন। আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

মজার কাঁচকলা তিলের চিকেন। ছবি: শবনম রহমান

কাঁচকলা তিল চিকেন

উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম, কাঁচকলা ২টি, পেঁপে ৫টা, লবণ পরিমাণমতো, তিল বাটা ১ চা-চামচ, ঘি ও গরম মশলা পরিমাণমতো, সরিষয়ার তেল ৩ টেবিল চামচ, টক দই ১০০ গ্রাম, জিরা গুঁড়ো ১ চা-চামচ, ধনে গুঁড়ো ১ চা-চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, টমেটো ১টা, পেঁয়াজ ১টা, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ এবং কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ।

প্রণালী: প্রথমে কাঁচকলা কেটে জলে ভিজিয়ে রাখুন। তারপর দই, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, হলুদ দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে একটা শুকনো মরিচ ও গোটা গরম মশলা দিয়ে সবজিগুলো ভেজে তুলে নিন। এবার কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তাতে আদা, রসুন, কাঁচা মরিচ কুচি, টমেটো কিউব, হলুদ আর পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে নিন। এবার চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে তাতে তিল বাটা দিন। তারপর ভেজে রাখা সব্জিগুলো দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পরে ঘি, গরম মশলা আর তিল দিয়ে নামিয়ে ফেললেই তৈরি কাঁচকলা তিল চিকেন।

পেঁপে দিয়ে রান্না করতে পারেন মুড়িঘন্ট। ছবি: শবনম রহমান

পেঁপের মুড়িঘণ্ট

উপকরণ: পেঁপে (মাঝারি মাপের) ১টা, আলু ১টা, পোলাওয়ের চাল ৪ টেবিল চামচ, তেজপাতা ১টা, জিরা গুঁড়ো ১/২ চা-চামচ, জিরে বাটা ১ চা-চামচ, তেল ৬ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ পরিমাণমতো ও চিনি স্বাদমতো।

প্রণালী: কড়াইতে তেল গরম হলে তাতে জিরা গুঁড়ো ও তেজপাতা দিন। তাতে পেঁপের টুকরোগুলো ভেজে নিন। ২ মিনিট পর আলুর টুকরা, লবণ ও হলুদ দিয়ে নেড়েচেড়ে নিন। তাতে পোলাওয়ের চাল দিয়ে ভেজে কড়াইয়ের মুখ ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর তাতে জিরা গুঁড়ো, অল্প পানি ও লবণ দিয়ে নেড়েচেড়ে নিন। তারপর ৪ কাপ পানি দিন। ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। সামান্য চিনি দিয়ে ভালভাবে নেড়েচেড়ে নামিয়ে নিন।