ঈদের রেসিপি

১৫ মিনিটেই বানাতে পারেন মজার স্বাদের মুজ্, দেখুন রেসিপি

ধারণা করা হয় ১৭৬৮ সাল থেকে ব্যবহার শুরু হয়েছিল হুইপড্ ক্রিমের। তারপর থেকে এই ক্রিম দিয়ে শুরু হয় নানা ডেজার্ট তৈরি। মুজ্ তেমনই একটি সুইট ডিশ। ১৯৫০ সাল নাগাদ আমেরিকাতেও বেশ জনপ্রিয় হয়েছিলো ফিস মুজ্। অবশ্য সেই মুজ্ ছিল অনেকটা সস্ বা মেয়োনিজের মতো।

বৈচিত্র্য যতই আসুক বা থাকুক না কেন সেরা চকোলেট মুজই। আপনার কাছেও ভালো লাগবে চকোলেট মুজ। নিজে চকোলেট মুজ্ তৈরির কৌশলটা শিখে নিতে পারেন। মজার কফি চকোলেট মুজের রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপকরণ: ডার্ক চকোলেট ২০০ গ্রাম, কফি ১ চা চামচ, মাখন ২-৩ টেবিল চামচ, হুইপড্ ক্রিম ১ কাপ এবং গার্নিশিংয়ের জন্য ইচ্ছেমতো চেরি।

প্রণালী: প্রথমে চকোলেট গ্রেট করে নিতে হবে। তা না হলে ভেঙে গুঁড়া করেও নিতে পারেন। একটি পাতিলে পানি গরমে বসিয়ে তার উপরে স্ট্যান্ড বসান। আর তার উপর বাটিতে দিন চকোলেট গুঁড়া। এসময় ক্রমাগত চামচ দিয়ে নাড়তে থাকুন। চকোলেট পুরোপুরি গলিয়ে ফেলুন। তারপর তাতে মেশান কফি। আবার নাড়তে থাকুন।

অন্যদিকে ব্লেন্ডারে হুইপস্ ক্রিম ব্লেন্ড করে নিন। ফেনা উঠতে শুরু করলে তাতে খানিকটা গলানো চকোলেট মিশিয়ে আবার ব্লেন্ড করে নিন। এবার ছোটো কাঁচের গ্লাস বা কাপে ব্লেন্ড করা ক্রিম ঢেলে দিন। উপরে বাকি পড়ে থাক তরল চকোলেট ছড়িয়ে দিন। এভাবে মুজের গ্লাসটি আধ ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন। উপরে চাইলে চকোলেটের টুকরা বা চেরি দিয়ে সাজিয়ে দিতে পারেন।