মুচমুচে ফিশ অ্যান্ড চিপস তৈরি হোক বাড়িতেই 

যুক্তরাজ্যের সীমানা অতিক্রম করে আমাদের দেশের তরুণদের কাছেও আজকাল ব্রিটিশ স্টাইলের ফিশ অ্যান্ড চিপস ভীষণ জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। রেস্টুরেন্টগুলোতে সাধারণত বাছা মাছ দিয়ে এই পদটি তৈরি হয়। তবে দামটা যেহেতু একটু বেশি, তাই ঘরেও বানিয়ে নিতে পারেন এই মজার পদটি। অবশ্য চাইলে নিজের পছন্দের যেকোনো মাছ দিয়ে এই পদটি বানানো সম্ভব।   

উপকরণ: বাছা মাছের ফিলে ৫০০ গ্রাম, লেবু্র রস ২ টেবিল চামচ, আলু ১টি, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ডিম ১টি, মাস্টার্ড সস বা সরিষার পেস্ট ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, আদা-রসুনের পেস্ট আধা চা চামচ, ময়দা ৩ চা চামচ, ব্রেড ক্রাম ১৫০ গ্রাম, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো। 

প্রণালী: মাছের ফিলে ধুয়ে পছন্দমতো আকারে কেটে নিন। এবার একটি পাত্রে মাছ নিয়ে তাতে লেবুর রস, ১/৪ চামচ লবণ এবং ১ চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মেশান। এভাবে অন্তত ১০ মিনিট রেখে দিন। অন্যদিকে আলু চিপসের আকারে কেটে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন।   

১০ মিনিটের মধ্যে মাছের ভেতরে থাকা পানিগুলো বেরিয়ে আসবে। পানি থাকলে ময়দা কোট করার সময় মাছ খুলে খুলে আসতে পারে। তাই হাত দিয়ে চেপে এসব পানি বের করে দিন। এবার একটি পাত্রে ডিম, সরিষার পেস্ট, আদা-রসুনের পেস্ট এবং ময়দা নিন। এই পেস্টে মাছগুলোকে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিন। 

ট্রে অথবা চওড়া কোনো পাত্রে ব্রেড ক্রাম নিন। ব্রেড ক্রাম না থাকলে বিস্কুট বা পাউরুটির গুঁড়া হলেও চলবে। এতে ২ চা চামচ ময়দা দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে নিন। সরিষার পেস্ট থেকে মাছ তুলে ব্রেড ক্রাম ও ময়দার মিশ্রণে ভালো করে মিশিয়ে নিন। একটি ছুরির সাহায্যে মাছের চারপাশ থেকে অতিরিক্ত ব্রেড ক্রাম থাকলে সরিয়ে দিন। ভালোমতো ময়দা আর ব্রেড ক্রাম কোট করা হয়ে গেলে গরম তেলে মাছগুলো ছেড়ে দিন। হালকা বাদামি হয়ে গেলে ভাজা মাছ তুলে নিন।  

সবশেষে কেটে রাখা আলু থেকে টিস্যু পেপারের সাহায্যে পানি ঝরিয়ে নিন। মাছের তেলেই আলু ভেজে নিন। পাত্রে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করলেই রেস্টুরেন্ট স্টাইলে ফিশ অ্যান্ড চিপস তৈরি।