রেস্তোরাঁর মতো গার্লিক নান বানাতে পারেন বাড়িতেই  

সকালে নাশতায় প্রতিদিন রুটি বা পরোটা খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন? তাহলে স্বাদ বদলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁর মতো গার্লিক নান।  

মনে রাখবেন, নান বা তন্দুর রুটি বানানোর সময় ময়দার সঙ্গে আটা মেশাবেন না। পুরোটাই ময়দা ব্যবহার করতে হবে। আর এই রেসিপিতে ইস্ট ব্যবহার করা ভীষণ জরুরি। ময়দা মাখার আগে হালকা গরম পানিতে ইস্ট ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ইস্টের গুণেই নান হবে ফুলকো আর নরম। 

উপকরণ: ময়দা ৪ কাপ, টক দই ২ কাপ, চিনি ১ চা টামচ, তেল ৪ টেবিল চামচ, ধনেপাতা ১ কাপ, রসুন কুচি ১ কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, ইস্ট ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী   

প্রণালী: প্রথমে একটি পাত্রে ময়দা, লবণ, চিনি, বেকিং পাউডার, তেল এবং পানিতে গুলে রাখা ইস্ট ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার টক দই দিয়ে ভাল করে ময়দা মেখে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি দেওয়া যেতে পারে। এরপর সামান্য তেল দিয়ে ময়দার এ মিশ্রণ অন্তত দুই ঘণ্টা ঢেকে রাখতে হবে। পাশেই রসুন এবং ধনে পাতা মিহি করে কুচিয়ে রাখতে হবে।  

ঘণ্টা দুয়েক পর ময়দার ডো থেকে লেচি কেটে নিয়ে নান আকারে বেলে নিতে হবে। নানের উপর রসুন কুচি এবং ধনেপাতা ছড়িয়ে দিন। উপরে একটু মাখন মাখিয়ে নিতে হবে। 

এরপর চুলায় তাওয়া গরম করতে দিন। নান রুটির যে পাশে রসুন দিয়েছেন, তার উল্টো পাশে সামান্য পানি মাখিয়ে কড়াইতে দিয়ে দিন। আঁচ একেবারে হালকা রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাখন মাখানো অংশটি ফুলে উঠছে। মাংসের গ্রিল, রোস্ট বা তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন।