৩০ মিনিটে বানাতে পারেন ফিস তন্দুরি, রইল রেসিপি

বাড়িতে বন্ধুদের দাওয়াত দিয়েছেন। রাতের খাবার নিশ্চয় পোলাও, মাছ, মাংস, সবজি সবই নিশ্চয় করছেন। শুধু স্টার্টার হিসেবে কী দেবেন ঠিক করতে পারছেন না? তাহলে চটজলদি বানাতে পারেন ফিশ তন্দুরি। এই আইটেমটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আধ ঘণ্টার মধ্যেই বানাতে পারেন তন্দুরি।

উপকরণ: মাছের ম্যারিনেশনের জন্য লাগবে ভেটকি মাছ ২৫০ গ্রাম (টিক্কার মতো কিউব করে কাটা), আদা-রসুন বাটা পানি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল দেড় চা-চামচ, আদা-রসুন বাটা- ১/২ চামচ, জোয়ান ১/৪ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা-চামচ, বেসন ১ টেবিল চামচ, দই (খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে) ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১টি এবং পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ।

সবজি ম্যারিনেশনের জন্য লাগবে পেঁয়াজ, লাল এবং সবুজ ক্যাপসিকাম, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা-চামচ, লেবুর রস ১/২ চামচ, সরিষার তেল ১/২ চামচ এবং কয়লা।

প্রণালী: প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নিন। একটি বাটিতে মাছের টুকরোতে আদা-রসুনের পানি আর লবণ ভালো করে মাখিয়ে নিন। তারপর ১২ থেকে ১৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। আরেকটি বাটিতে সরিষার তেল, লবণ, জোয়ান, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেসন, দই, মরিচ কুচি এবং পুদিনা পাতা কুচি ভালো করে মেখে নিন। এবার লবণ ও আদা-রসুনের রস মাখা মাছের টুকরোর সঙ্গে এই মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিন। ঠিক ১০ মিনিট এভাবে রেখে দিন।

এবার সবজির পালা। পেঁয়াজ ও ক্যাপসিকাম কিউব করে কেটে নিন। তাতে সরিষার তেল, লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে মাখিয়ে নিন। এবার গ্রিলিং স্টিকে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ম্যারিনেট করা মাছের টুকরোগুলো গেঁথে নিন। ননস্টিক ফ্রাইং প্যানে সরিষার তেল গরম করে মাছ গাঁথা গ্রিলিং স্টিক দিয়ে দিন। কিছুক্ষণ পর পর সেগুলো এপিঠ ওপিঠ করে চার পিঠ ভেজে নিন।

মাছ সেদ্ধ হয়ে গেলে বড় পাত্রে স্টিক রেখে দিন। এবার ছোট্ট একটি বাটিতে কয়লা জ্বালিয়ে সেখানে রাখুন। মিনিট পাঁচেক পাত্রটি এটা ঢাকনা দিয়ে রেখে দিন। এতে মাছে স্মোকি গন্ধ হবে। তন্দুর ছাড়াই যে তন্দুরি বানিয়েছেন সেটা বোঝাই যাবে না। পরিবেশনের সময় ফিশ তন্দুরির উপর লেবুর রস এবং চাট মশলা ছড়িয়ে দিন। আর সঙ্গে দিতে পারেন সালাদ।