বিশ্ব পাস্তা দিবস

বিকেলের নাস্তায় আজ হোক পাস্তা  

আদতে ইতালীয় খাবার হলেও পাস্তা এখন আমাদের দেশে দারুণ জনপ্রিয়। এখন তো পাস্তা এত সহজলভ্য যে, রাস্তার ধারে ফুডকার্টে ক্রেতার চাহিদা অনুযায়ী গরম গরম তৈরি করে দেওয়া হচ্ছে।

আজ ২৫ অক্টোবর বিশ্ব পাস্তা দিবস। রেস্তরাঁয় না গিয়ে আজকের দিনটিতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু একটি পাস্তা আইটেম। দেখে নিন রেসিপি।  

উপকরণ: পাস্তা ২ কাপ, মুরগির কিমা আধা কাপ, পেঁয়াজ ১টা, চিলি সস ২ টেবিল চামচ, টমেটো পিউরি আধা কাপ, সাদা গোলমরিচ আধা চা চামচ, মোজারেলা চিজ আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, চিনি আধা চা চামচ, রসুন কুচি এক চা চামচ, অরিগ্যানো বা মিক্সড হার্বস সামান্য পরিমাণ, লবণ পরিমাণমতো, পরিবেশনের জন্য ক্যাপসিকাম

প্রণালী: প্রথমত পাস্তা পানিতে লবণ ও সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটি ফ্রাইপ্যানে সামান্য মাখন ও রসুনকুচি দিয়ে পাস্তা হালকা করে নেড়েচেড়ে নিতে হবে।

অন্য একটি ফ্রাইপ্যানে মাখন ও পেঁয়াজ কুচি দিয়ে মুরগির কিমা কষিয়ে নিতে হবে। মোজারেলা চিজ ছাড়া একে একে সব উপকরণ দিয়ে কিমা রান্না করে নিতে হবে।

এবার একটি বেকড ডিশে ওপরের সব উপকরণ মিশিয়ে ওপরে মোজারেলা চিজ দিয়ে ১৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৩ মিনিট ওভেনে রান্না করুন। তৈরি হয়ে গেল ওভেন বেকড পাস্তা উইথ চিকেন।