গরম ভাতের সঙ্গে ঝাঁঝালো সরিষা বাগাড় 

সরিষা আর ইলিশের যুগলবন্দীর কথাই সব সময় মাথায় আসে। অথচ শুধু পেঁয়াজ-মরিচ দিয়ে সরিষার বাগাড়ও কিন্তু দারুণ স্বাদের একটি পদ। 

আসছে শীত। আবহাওয়ার এই বদলের সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ঠান্ডা-জ্বরের হাত থেকেও কিন্তু রেহাই দেবে সরিষার এই ঝাঁজযুক্ত খাবার। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ আফসানা নাজনীন।   

উপকরণ: সরিষাবাটা, সয়াবিন তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ।

প্রণালী: কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ হালকা ভেজে নিন। এরপর পরিমাণমতো হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে সরিষা বাটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে যেন সরিষা কড়াইয়ে লেগে না যায়।

তেল সরিষার ওপরে উঠে এলে তাতে ২-১টা কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে জম্পেশ লাগবে এই সরিষা বাগাড়।