বাড়িতে যেভাবে বানাবেন জিঞ্জার মাশরুম চিকেন

নতুন বছরে কাছের মানুষদের নিয়ে রাতের খাবারের আয়োজন করতেই পারেন। আর নিজেই মজার সব খাবার বানিয়ে সবাইকে চমক দিতে পারেন। তেমনই একটি আইটেম হতে পারে জিঞ্জার মাশরুম চিকেন। এখানে তিন জনের জন্য খাবারটি রান্নার প্রক্রিয়া দেওয়া হলো। আপনি সেই অনুসারে রান্না করতে পারেন এই খাবারটি।

উপকরণ: চিকেন ৩০০ গ্রাম (ব্রেস্ট পিচ বা হাড় ছাড়া স্লাইস করে কেটে নিতে হবে), মাশরুম ১/২ ক্যান বা ১৫০ গ্রাম, তেল ৪০ মিলি, দেশি আদা ১০ গ্রাম (লম্বা এবং চিকন করে কেটে নিতে হবে), আদা কুচি ১ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ (চপ করে কাটা), ক্যাপসিকাম তিন রঙের ১/৪ পিস করে (লম্বা করে কাটা), সিসিমি অয়েল ১০ গ্রাম, সয়া সস ৫ মিলি, ওয়েস্টার সস ৫ গ্রাম, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, হোয়াইট পেপার সামান্য, ব্ল্যাক পেপার সামান্য, চিনি সামান্য, লবণ পরিমাণমতো এবং পানি পরিমাণমতো।

খাবারটি তৈরির মূল উপকরণগুলো এভাবে কেটে নিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

তৈরি প্রক্রিয়া: ওক প্যানে তেল দিয়ে তাতে চপ করা রসুন দিতে হবে। একটু ভেজে, তাতে দিয়ে দিন চিকেন এবং মাশরুম। কিছুক্ষণ নাড়ুন। তারপর একে একে আদা কুচি, ক্যাপসিকাম, সিসিমি অয়েল, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, চিলি সস দিন ও পানি দিন। কিছু সময় নাড়তে হবে। এবার দিয়ে দিন হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, চিনি ও লবণ। চিকেনটা হয়ে এলে, সবশেষে চিকন করে কাটা আদাগুলো দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি মজার স্বাদের জিঞ্জার মাশরুম চিকেন।