আমরা অনেকেই একসময় কফি শপে গিয়ে আটকে গেছি, বুঝতে পারিনি লাতে আর এসপ্রেসোর মধ্যে পার্থক্য কী! প্রথম কফি শপে গিয়ে এমন সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। আজ জেনে নিন, কফির সব ধরনের পার্থক্য। জেনে নিন, অ্যারাবিকা এবং রোবাস্টা কফি বিনের পার্থক্য থেকে শুরু করে, কীভাবে আপনার পছন্দের কফি বানাবেন।
ভিন্ন ধরনের কফি বিনস
মার্কেটগুলিতে সাধারণত দুটি ধরনের কফি বিন পাওয়া যায়। একটি অ্যারাবিকা, অন্যটি রোবাস্টা। আপনি যদি ভাবেন এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, তাহলে উত্তর হলো—অবশ্যই আছে! চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
অ্যারাবিকা হলো সবচেয়ে জনপ্রিয় কফি বিন। অনেক কফি প্রেমী এটি বেশি পছন্দ করেন। কারণ এর স্বাদ বেশ ও মিষ্টি হয়। সাধারণত ব্ল্যাক কফির জন্য এই বিন ব্যবহার করা হয়। কারণ অ্যারাবিকা বিনসে ভিন্ন ভিন্ন স্বাদ থাকে, যা আলাদাভাবে উপভোগ করা যায়। সবচেয়ে জনপ্রিয় হলেও এতে রোবাস্টার তুলনায় ক্যাফেইনের পরিমাণ কম থাকে।
অ্যারাবিকার তুলনায় রোবাস্টা কিছুটা সস্তা। তবে বেশ স্ট্রং কফি বিন। তাই স্বাদও বেশ তেতো। সাধারণত রোবাস্টা এসপ্রেসো ও ইনস্ট্যান্ট কফিতে ব্যবহৃত হয়।
যেহেতু রোবাস্টা কফি বিনে ক্যাফেইনের পরিমাণ বেশি থাকে, তাই এটি আপনাকে তাড়াতাড়ি এনার্জিটিক করে তুলবে। যদি দ্রুত আপনার ক্লান্তি তাড়াতে চান, তবে রোবাস্টা বিন দিয়ে তৈরি কফি বেছে নিতে পারেন।
বাজারে কত ধরনের কফি আছে?
বাজারে সবচেয়ে সাধারণভাবে পাওয়া যায়, অ্যারাবিকা ও রোবাস্টা। তবে, সাধারণত কফি বিনের চারটি প্রধান ধরন রয়েছে। এগুলি হল- অ্যারাবিকা, রোবাস্টা, এক্সেলসা, এবং লিবেরিকা। কফি ব্র্যান্ডগুলি সাধারণত তাদের পণ্যের লেবলে লিখে দেয় যে, কোন ধরনের কফি বিন ব্যবহার করা হয়েছে।
কফি পানীয়ের ধরন
লাতে, অ্যামেরিকানো, এসপ্রেসো... এই ছোট্ট কফি বিন দিয়ে আপনি কত কিছু তৈরি করতে পারেন। আপনি যদি কফি প্রেমী হন বা নতুন কফি পানকারী হন, তাহলে অনেক ধরনের কফি রয়েছে যা থেকে একটি বেছে নিতে পারেন। এখানে কিছু জনপ্রিয় কফি পানীয়ের ধরন দেওয়া হলো, যা দেশের বিভিন্ন কফি প্রেমীরা পছন্দ করেন।
ব্ল্যাক কফি
ব্ল্যাক কফি সবচেয়ে সাদামাটা। যেখানে কফি বিন গরম পানিতে ভিজিয়ে দেওয়া হয়। কফির ব্যাপারে আপনি যদি রুচিশীল হতে চান, তবে ব্ল্যাক কফিকে ‘ক্যাফে নোয়ার’ বলতে পারেন। এতে দুধ বা চিনি থাকে না, তাই কফির একটা স্ট্রং স্বাদ পাওয়া যায়।
লাতে
লাতে একটি এসপ্রেসো শট এবং স্টিমড মিল্কের সঙ্গে সামান্য ফোমের মিশ্রণ। এটি সাধারণ যেকোনো ফ্লেভার শট (যেমন, ভ্যানিলা বা পাম্পকিন স্পাইস) দিয়ে অর্ডার করা যায়।
ক্যাপোচিনো
ক্যাপোচিনো অনেকটা লাতের মতো। তবে এতে বেশি ফোম, আর কম দুধ থাকে। এতে সাধারণত কোকো পাউডার বা দারচিনির গুড়া দেওয়া হয়। কিছু কিছু ভেরিয়েশনে ক্রিমও ব্যবহার করা হয়। আবার অনেকে ফ্লেভার শটও যোগ করেন।
অ্যামেরিকানো
ব্ল্যাক কফির মতো স্বাদযুক্ত অ্যামেরিকানো। এটি এসপ্রেসো শট গরম পানিতে মিশিয়ে তৈরি করা হয়। যদি আপনি নিজের বানান, তবে আগে এসপ্রেসো ঢালুন, তারপর গরম পানি যোগ করুন।
এসপ্রেসো
এসপ্রেসো একটি একক শট হিসেবে পরিবেশন করা হয়। এটি লাতে এবং ম্যাকিয়াটোর ভিত্তি হিসেবে ব্যবহার হয়।
এই চারটি কফিকে বেজ কফি হিসেবে ধরা হয়। এছাড়াও রয়েছে ডপ্পিও। যা হলো এসপ্রেসোর একটি ডাবল শট। কোর্টাডো হলো মিল্ক এসপ্রেসো। রেড আইয়ে গরম কফির সাথে এসপ্রেসো শট মিশিয়ে তৈরি করা হয়। পর্তুগাল থেকে আসা গালা, অনেকটা লাতে এবং ক্যাপোচিনোর মতো। এর প্রধান পার্থক্য হলো এতে প্রায় দ্বিগুণ ফোমড মিল্ক থাকে।
ম্যাকিয়াটো একটি এসপ্রেসো ভিত্তিক পানীয় যা উপরে একটু ফোম থাকে। যারা চকলেট ভালোবাসেন, তারা মোচা পছন্দ করবেন। রিস্ট্রেটো হলো একটি এসপ্রেসো শট যা কম গরম পানি ব্যবহার করে তৈরি হয়। ফ্ল্যাট হোয়াইট, অস্ট্রেলিয়ান কফি। এটি একটি এসপ্রেসো পানীয়, যা স্টিমড মিল্ক দিয়ে তৈরি।
অ্যাফোগাটো হলো এক দারুণ অজুহাত যেকোনো সময় আইসক্রিম খাওয়ার! এটি একটি স্কুপ আইসক্রিম এবং একটি বা দুটি এসপ্রেসো শট দিয়ে পরিবেশন করা হয়। অ্যাফোগাটো ব্রাউনি পরিবেশন করার সময় আরও সুস্বাদু হয়। যা ব্রাউনি অ্যাফোগাটো সানডে নামে পরিচিত।
ক্যাফে অ লেইট মিনিমালিস্টদের জন্য একটি পছন্দের কফি হতে পারে। শুধু কফির মধ্যে গরম দুধ দিলেই, প্রস্তুত! আইরিশ কফি হলো ব্ল্যাক কফি, হুইস্কি এবং চিনির মিশ্রণ। যেটির উপরে হুইপড ক্রিম থাকে।