রসুনের আচার শুধু স্বাদেই অনন্য নয়, বরং এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ঝাল-টক-ঘ্রাণে ভরপুর এই আচার খিচুড়ি, ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ খেতে। বাজার থেকে না কিনে, বাড়িতেই বানাতে পারেন মজার এই আচার। রইল রেসিপি।
যা যা লাগবে
মেথি দানা ১/২ চা-চামচ, রাই দানা বা সরিষা দানা ১/২ টেবিল চামচ, মৌরি দেড় টেবিল চামচ, জোয়ান ১ চা-চামচ, দেশি রসুন (পরিষ্কার ও খোসা ছাড়ানো) ২৫০ গ্রাম, ভিনেগার ৫-৬ টেবিল চামচ, পানি ৩-৪ টেবিল চামচ, পিঙ্ক সল্ট দেড় টেবিল চামচ (স্বাদমতো) ও হিং গুঁড়া ১/৪ চা-চামচ।
এছাড়াও লাগবে লাল মরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, শুকনা লাল মরিচ কুচি ১/২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১/২ টেবিল চামচ, কালোজিরা ১ চা-চামচ এবং অলিভ অয়েল ৩/৪ কাপ বা প্রয়োজন অনুযায়ী।
যেভাবে বানাবেন
একটি প্যানে মেথি ও রাই দানা ভেজে নিতে হবে, যতক্ষণ না সুগন্ধ বের হয়। তারপর মৌরি ও জোয়ান দিয়ে আরও এক মিনিট ভাজুন। ঠান্ডা হলে মিক্সারে অল্প ভেঙে নিন। অন্য একটি প্যানে রসুন, ভিনেগার ও পানি দিয়ে উচ্চ আঁচে রান্না করুন যতক্ষণ না পানি শুকিয়ে যায়। তারপর ঠান্ডা হতে দিন। রসুনে পিঙ্ক সল্ট মিশিয়ে নিন।
এবার হিং, লাল মরিচ গুঁড়া, মরিচ কুচি, হলুদের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, কালোজিরা ও ভাজা মসলা দিয়ে ভালো করে মেশান। সবশেষে অলিভ অয়েল দিন ও ভালোভাবে নাড়ুন। শুকনো ও পরিষ্কার কাচের বয়ামে আচার ভরে মুখ বন্ধ করে রাখুন। রোদে রেখে দিন দুই দিন।
রসুনের আচার বানানো যতটা সহজ, স্বাদে ততটাই চমকপ্রদ। যেকোনো বেলা, একটু মসলাদার কিছু চাইলে, এই আচার হতে পারে চমৎকার সঙ্গী। আরেকটু দেশি ঘ্রাণ চাইলে, অলিভ অয়েলের বদলে সরিষার তেল ব্যবহার করেও দেখতে পারেন।