ইতালিয়ান স্বাদের স্যান্ডউইচ যেভাবে বানাবেন বাড়িতে, রইল রেসিপি

টিফিনের বাক্সে হোক কিংবা বিকেলের আড্ডায়, সুস্বাদু স্যান্ডউইচের জবাব নেই। সাধারণ স্যান্ডউইচ তো আমরা প্রায়ই খাই। তবে চাইলে একটু ভিন্নভাবে তৈরি করা যায় ইতালিয়ান পেস্টো স্যান্ডউইচ। বাসিল পাতা, আখরোট আর পারমেজান চিজের গন্ধে তৈরি হবে দারুণ এক ওয়ালনাট পেস্টো। তার সঙ্গে থাকছে মর্তাদেলা স্লাইস, চিজ আর রকেট লিফ। সব মিলিয়ে স্যান্ডউইচে আসবে একেবারে আসল ইতালির স্বাদ।

ওরেগানো ব্রেড মাঝ বরাবর কেটে ওপরে ছিটিয়ে দিন সামান্য অলিভ অয়েল, এক চিমটি লবণ আর এক চিমটি গোলমরিচ গুঁড়া। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ

  • বাসিল পাতা ১ কাপ
  • আখরোট আধা কাপ
  • রসুন ৪–৫ কোয়া
  • লবণ ১/৪ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১/৪ চা-চামচ
  • পারমেজান চিজ ৩ টেবিল চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ১/৪ কাপ
  • লেবুর রস ২ চা-চামচ
  • ওরেগানো ব্রেড ১টা
  • মর্তাদেলা স্লাইস ৫-৬ পিস
  • চিজ স্লাইস যতটা দরকার
  • টমেটো ১টা বড় (স্লাইস করা)
  • রকেট লিফ আধা কাপ
  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সামান্য
  • হিমালয়ান পিঙ্ক সল্ট এক চিমটি
  • গোলমরিচ গুঁড়া এক চিমটি

প্রস্তুত প্রণালী

একটি চপার বা ব্লেন্ডারে বাসিল পাতা, আখরোট, রসুন, লবণ, গোলমরিচ গুঁড়ো, পারমেজান চিজ, লাল মরিচ গুঁড়া, অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে দিন। সবকিছু একসঙ্গে মোটামুটি মোটা কুচি করে ব্লেন্ড করুন। দারুণ সুগন্ধি পেস্টো তৈরি হবে, একপাশে রেখে দিন।

ওরেগানো ব্রেড মাঝ বরাবর কেটে নিন। নিচের অংশে পেস্টো মেখে দিন। তার ওপর সাজিয়ে দিন মর্তাদেলা স্লাইস, চিজ স্লাইস, টমেটো আর রকেট লিফ। ওপরে ছিটিয়ে দিন সামান্য অলিভ অয়েল, এক চিমটি লবণ আর এক চিমটি গোলমরিচ গুঁড়া। তারপর ওপরে ব্রেডের অংশটা বসিয়ে দিন।

ছুরি দিয়ে সুন্দরভাবে টুকরো করে নিন। আর তারপরেই পরিবেশন করুন সুস্বাদু ইতালিয়ান পেস্টো স্যান্ডউইচ। আপনি চাইলে এই স্যান্ডউইচ ব্রেকফাস্ট, লাঞ্চ বা বিকেলের নাশতায় পরিবেশন করতে পারেন। ব্যস্ত দিনের মাঝেও মুহূর্তেই পেটে ভরে যাবে ইতালির স্বাদে।