বাড়িতে বানান তিরামিসু আইসক্রিম কেক, রইল রেসিপি

গরমে ঠান্ডা মিষ্টি খাওয়ার আনন্দই আলাদা। তার সঙ্গে যদি থাকে কফির সুবাস, চকোলেটের স্বাদ আর আইসক্রিমের ঠান্ডা মোলায়েম স্পর্শ। তবে তো কথাই নেই। এমন এক ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করা যায় খুব সহজেই, ডিকনস্ট্রাক্টেড তিরামিসু আইসক্রিম কেক। রইল রেসিপি।

যা যা লাগবে

  • গরম পানি ১ কাপ
  • ইনস্ট্যান্ট কফি ১ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
  • গুঁড়া চিনি দেড় টেবিল চামচ
  • হুইপিং ক্রিম আধা কাপ
  • লেডিফিঙ্গার বিস্কুট ৯-১০টি
  • চকোলেট ফ্লেভার আইসক্রিম ৬০০ মিলি
  • কোকো পাউডার পরিমাণমতো

কীভাবে বানাবেন

প্রথমে এক কাপ গরম পানিতে কফি, ভ্যানিলা এসেন্স আর চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি আলাদা করে রাখুন। অন্যদিকে একটি বাটিতে হুইপিং ক্রিম নিয়ে বিট করুন, যতক্ষণ না শক্ত পিক আসে। এবার সেটি পাইপিং ব্যাগে ভরে রাখুন।

একটি পাত্রে বেকিং পেপার বিছিয়ে দিন। তাতে প্রথমে হুইপড ক্রিমের একটি স্তর ছড়িয়ে দিন। এবার লেডিফিঙ্গার বিস্কুট কফির মিশ্রণে চুবিয়ে ক্রিমের ওপরে সাজিয়ে দিন। তার ওপরে সমানভাবে আইসক্রিমের স্লাইস বসিয়ে দিন। একইভাবে আরও একটি স্তর তৈরি করুন।

ওপরে আবার বেকিং পেপার দিয়ে ঢেকে ৪ থেকে ৬ ঘণ্টা ফ্রিজারে রাখুন। শক্ত হয়ে গেলে বের করে নিন। পরিবেশনের সময় পাত্রটি উল্টে প্লেটে রাখুন। ওপরে হুইপড ক্রিম ছড়িয়ে দিন এবং কোকো পাউডার ছিটিয়ে দিন।