সহজে বানাতে পারেন কাবুলি পোলাও, রইল রেসিপি

বিরিয়ানির মতোই আফগানিস্তানের কাবুলি পোলাওও আমাদের দেশে বেশ জনপ্রিয়। খাসির মাংস, গাজর আর কিসমিস দিয়ে তৈরি এই বিশেষ পোলাও ঘরেই বানানো যায় খুব সহজে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক আয়োজনে চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন এই স্বাদে ভরপুর কাবুলি পোলাও। রইল রেসিপি।

উপকরণ

  • খাসির মাংস ৫০০ গ্রাম
  • আধসেদ্ধ চাল ৬০০ গ্রাম (১ চা-চামচ লবণ দিয়ে সেদ্ধ করা)
  • পেঁয়াজ ২টি (মাঝারি আকারের, কুচি করা)
  • রসুনবাটা ২ টেবিল চামচ
  • পানি ৪-৫ কাপ
  • লবণ পরিমাণমতো
  • চিনি ২-৩ টেবিল চামচ
  • মাটন স্টক
  • এলাচ গুঁড়া দেড় চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ
  • তেল প্রয়োজনমতো
  • গাজর (পাতলা কাটা) ১ কাপ
  • কালো কিসমিস ১/৪ কাপ

যেভাবে বানাবেন

প্রথমে হাঁড়িতে তেল গরম করে কুচি করা পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। খাসির মাংস দিয়ে অল্প ভাজুন। রসুনবাটা দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না মাংসের রং বদলে যায়। পানি ও লবণ দিয়ে রান্না করুন যতক্ষণ না মাংস নরম হয় এবং পানি অর্ধেক কমে আসে। মাংস আলাদা করে রেখে ঝোল ছেঁকে নিন এবং দেড় কাপ না হওয়া পর্যন্ত জ্বাল দিন।

আলাদা ফ্রাইপ্যানে চিনি দিয়ে ক্যারামেলাইজ করুন। এতে মাটন স্টক, এলাচ গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে সেদ্ধ মাংস দিয়ে কয়েক মিনিট নেড়ে আলাদা করে রাখুন। অন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে পাতলা কাটা গাজর ভাজুন, চিনি ও কিসমিস মিশিয়ে নিন।

হাঁড়িতে আধসেদ্ধ চাল বিছিয়ে দিন। ওপরে মাটন স্টক ছিটিয়ে দিন। এলাচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও ভাজা মাংস দিয়ে দিন।  গাজর-কিসমিসের মিশ্রণ ছড়িয়ে দিয়ে ঢাকনা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে দিন। একদম কম আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন। পরিবেশনের সময় গাজর, কিসমিস আর ব্লাঞ্চ করা বাদাম ছড়িয়ে সাজিয়ে দিন।

সুগন্ধি চাল, মিষ্টি কিসমিস আর মজাদার মাংসের সমন্বয়ে কাবুলি পোলাও একেবারেই আলাদা স্বাদ এনে দেয়।