ডাইজেস্টিভ বিস্কুটের মচমচে স্বাদ কে না পছন্দ করে? বাজার থেকে কিনে আনার বদলে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন। সহজ কিছু উপকরণ আর সামান্য সময় দিলেই হয়ে যাবে একেবারে দোকানের মতো বিস্কুট। রইল রেসিপি।
যা যা লাগবে
- আটা ২৫০ গ্রাম (প্রায় দেড় কাপের একটু বেশি)
- আটার ভূষি ২ টেবিল চামচ
- লবণ এক চিমটি
- বেকিং পাউডার ১ চা-চামচ
- চিনি (গুঁড়া করা) ১/৪ কাপ
- মাখন (লবণহীন) ১৫০ গ্রাম
- দুধ ১/৪ কাপ
যেভাবে বানাবেন
প্রথমে একটি বড় বাটিতে আটা, ভূষি, লবণ, বেকিং পাউডার আর চিনি মিশিয়ে নিন। এবার মাখন দিয়ে হাতে মিশিয়ে নিন এমনভাবে, যেন ঝুরঝুরে হয়ে যায়। ধীরে ধীরে দুধ মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো ঢেকে ফ্রিজে রাখুন আধা ঘণ্টা।
ডো বের করে দুই ভাগ করুন। একটি অংশ নিয়ে বল বানিয়ে বেলুন। পাতলা করে বেলা (২ মিলিমিটার পুরু হলেই যথেষ্ট)। কুকি কাটার দিয়ে গোল আকারে কেটে নিন। চাইলে কুকি স্ট্যাম্প দিয়ে নকশা বসাতে পারেন। বিস্কুটগুলো ট্রেতে সাজিয়ে আবার ১৫ মিনিট ফ্রিজে রাখুন।
প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০ মিনিট বেক করুন। বের করে তারের র্যাকে রেখে পুরোপুরি ঠান্ডা করুন। এয়ারটাইট জারে ভরে এক সপ্তাহ পর্যন্ত মচমচে রাখা যাবে।
কফি বা চায়ের সঙ্গে এই ঘরে বানানো ক্রিসপি আটা বিস্কুটের স্বাদই আলাদা।