নাইজেরিয়ান জলফ রাইস ও গ্রিলড চিকেন রেসিপি

পশ্চিম আফ্রিকার রান্নাঘরে বেশ জনপ্রিয় একটি খাবার জলফ রাইস। রঙিন টমেটো, ঝাঁঝালো মরিচ আর মসলার স্বাদের তৈরি এই খাবারটি শুধু ভোজনই নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক পরিচয়। শুধু নাইজেরিয়াতে নয়, মসলাদার ও স্বাদে ভরপুর এই রান্না এখন দুনিয়া জুড়ে জনপ্রিয়। আজ থাকছে সেই আফ্রিকান স্বাদের এক দারুণ পদ, নাইজেরিয়ান জলফ রাইস ও গ্রিলড চিকেন। রইল রেসিপি।

গ্রিলড চিকেন তৈরির উপকরণ

  • মুরগি (চামড়াসহ) ৭৫০ গ্রাম
  • পানি ৫ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি (মাঝারি আকার)
  • রসুন ৬-৭ কোয়া
  • আদা ২ ইঞ্চি টুকরো
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • শুকনা থাইম ১ চা-চামচ
  • কারি পাউডার ১ চা-চামচ
  • চিকেন কিউব ১টি
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • জিরা গুঁড়া ১/২ চা-চামচ
  • রান্নার তেল ১ টেবিল চামচ

চিকেনগুলো আবার হাই হিটে ভেজে নিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

নাইজেরিয়ান জলফ রাইস তৈরির উপকরণ

  • রান্নার তেল ১ টেবিল চামচ
  • লাল ক্যাপসিকাম কিউব ১/২ কাপ
  • পেঁয়াজ ১টি (ছোট)
  • টমেটো ১টি (মাঝারি)
  • রসুন ৮-৯ কোয়া
  • আদা ১ ইঞ্চি টুকরো
  • পানি ২-৩ টেবিল চামচ
  • রান্নার তেল ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি ১টি (ছোট)
  • তেজপাতা ১টি
  • টমেটো পেস্ট ২ টেবিল চামচ
  • পাপরিকা পাউডার ১/২ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • বাসমতি চাল ৫০০ গ্রাম (লবণ দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করা)
  • তাজা পার্সলে কুচি সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

প্রথমে বানাতে হবে গ্রিলড চিকেন

একটি বড় হাঁড়িতে মুরগি ও পানি দিন, ফুটে উঠলে ওপরে জমা ফেনা তুলে ফেলুন। এরপর পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, লবণ, থাইম, কারি পাউডার, চিকেন কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন। কম আঁচে ৮–১০ মিনিট রান্না করুন। এবার মুরগির টুকরোগুলো তুলে আলাদা রাখুন (হাঁড়ির স্টক পরে ব্যবহার করবেন)।

একটি বাটিতে হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া একসঙ্গে মিশিয়ে মসলা তৈরি করুন। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে মুরগির টুকরো দিন, উপরে তৈরি মসলা ছিটিয়ে মাঝারি আঁচে দুই পাশ সোনালি করে গ্রিল করুন। তৈরি হয়ে গেলে আলাদা করে রাখুন।

নাইজেরিয়ান জলফ রাইস তৈরির পালা

একটি ফ্রাইং প্যানে তেল গরম করে লাল ক্যাপসিকাম কিউব, পেঁয়াজ, টমেটো, রসুন ও আদা দিন। হাই হিটে ৩-৪ মিনিট ভাজুন, তারপর ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে রাখুন।

একটি বড় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ও তেজপাতা দিন, হালকা বাদামি হলে টমেটো পেস্ট মেশান। এক মিনিট রান্না করে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিন। পাপরিকা পাউডার ও লবণ দিন। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়।

এখন চাল দিন, ভালোভাবে মিশিয়ে ৩ কাপ সংরক্ষিত চিকেন স্টক ঢালুন। ফুটে উঠলে উচ্চ আঁচে ৩-৪ মিনিট রান্না করুন যতক্ষণ না পানি কমে আসে। এরপর হাঁড়ির মুখে পরিষ্কার কাপড় ও ঢাকনা দিয়ে কম আঁচে ১০-১২ মিনিট দমে রাখুন।

যেভাবে করবেন পরিবেশন

একটি পরিবেশন পাত্রে রান্না করা জলফ রাইস ঢেলে উপরে গ্রিলড চিকেন সাজান। তাজা পার্সলে ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।