ম্যাগনোলিয়া বেকারির বানানা পুডিং বানাতে পারেন বাড়িতেই

নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাগনোলিয়া বেকারির নাম শুনলেই মনে আসে তাদের জনপ্রিয় বানানা পুডিং। নরম, মিষ্টি আর ক্রিমে ভরা এই ডেজার্ট এক চামচ খেলেই মুখে লেগে থাকে সুখের স্বাদ। পাকা কলা, দুধ আর ক্রিম দিয়ে বানানো এই পুডিং এখন সারা বিশ্বেই জনপ্রিয়। ঘরেই সহজে বানানো যায় এই মজার মিষ্টান্ন, একদম রেস্তোরাঁর মতো স্বাদে। রইল রেসিপি।

যা যা লাগবে

  • ডিমের কুসুম ৩টি
  • পাকা কলা স্লাইস
  • চিনি ১/৪ কাপ
  • কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচ
  • ক্রিম ১/২ কাপ
  • কনডেন্সড মিল্ক ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
  • দুধ আড়াই কাপ
  • ঠান্ডা ক্রিম ২ কাপ
  • আইসিং সুগার ২ টেবিল চামচ
  • পাউন্ড কেক বা শর্টব্রেড কুকিজ
  • কেকের গুঁড়া
  • মধু (সাজানোর জন্য)

কাপে এভাবে পরিবেশন করতে পারেন বানানা পুডিং। ছবি: ইনডিপেনডেন্ট

যেভাবে বানাবেন

একটি সসপ্যানে ডিমের কুসুম, চিনি, কাস্টার্ড পাউডার, ক্রিম, কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স ও দুধ একসঙ্গে মিশিয়ে নিন। মাঝারি আঁচে চুলায় বসিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণ ঘন হয়ে আসে। ঠান্ডা হলে বরফপানিতে বসিয়ে হালকা হাতে ফেটিয়ে নিন।

এদিকে ঠান্ডা ক্রিম বিটারে ২-৩ মিনিট মাঝারি গতিতে বিট করুন। এরপর আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে উচ্চ গতিতে বিট করুন, যতক্ষণ না শক্ত ফেনা তৈরি হয়। এবার ঠান্ডা পুডিং মিশ্রণটি হুইপড ক্রিমের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিন।

একটি সার্ভিং ডিশে অর্ধেক পুডিং ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর কেকের টুকরা ও কলার স্লাইস সাজান। আবার পুডিং, কেক ও কলা দিয়ে স্তর তৈরি করুন। সবশেষে পুডিংয়ের স্তর দিন।

ডিশটি ৪-৬ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে উপরে কেকের গুঁড়া, কলার স্লাইস আর মধু ছিটিয়ে দিন।