রেস্তোরাঁর মতো লাচ্ছা পরোটা বানাবেন? রইল রেসিপি

লাচ্ছা পরোটা মূলত উত্তর ভারতের ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে পাঞ্জাব, দিল্লি, লখনউ ও উত্তর প্রদেশ অঞ্চলে এটি খুব জনপ্রিয়। ‘লাচ্ছা’ শব্দের অর্থ স্তর বা ভাঁজ। এই পরোটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো এর স্তরযুক্ত টেক্সচার। ময়দার বল বেলে ঘি বা তেল লাগিয়ে বারবার ভাঁজ করে আবার বেলায় বলে এটি খেতে হয় বাইরে খাস্তা, ভেতরে নরম।

এখন বাংলাদেশ, পাকিস্তান ও এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশেও লাচ্ছা পরোটা বেশ জনপ্রিয়। বাংলাদেশে এটি সাধারণত রেস্টুরেন্টে বাটার পরোটা বা লাচ্ছা পরোটা নামে বিক্রি হয়, বিশেষ করে মুরগি বা গরুর ভুনা কিংবা রসুন চাটনির সঙ্গে। জনপ্রিয় এই খাবার এখন সহজেই ঘরেই তৈরি করা যায়। রইল রেসিপি।

উপকরণ

  • ময়দা আড়াই কাপ (চালা)
  • আটা ১/২ কাপ (চালা)
  • লবণ দেড় চা-চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • ঘি ৩ টেবিল চামচ
  • পানি ৩/৪ কাপ
  • পেঁয়াজপাতা কুচি
  • ঘি (ভাজার জন্য) প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

বড় একটি বাটিতে ময়দা, আটা, লবণ, চিনি ও ঘি মিশিয়ে নিন। আস্তে আস্তে পানি দিন এবং নরম মণ্ড তৈরি করুন। ঢেকে এক ঘণ্টা রেখে দিন। পরে আবার মণ্ড মথে নিন। ছোট বল বানিয়ে নিন (প্রায় ১১০ গ্রাম করে)। শুকনো ময়দা ছিটিয়ে রুটি বেলে নিন।

রুটির ওপরে ঘি লাগিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দিন। এবার ছুরি দিয়ে রুটিটিকে সরু সরু ফিতে করে কেটে নিন। কুচানো কাঁচা পেঁয়াজপাতা ছিটিয়ে প্রতিটি ফিতে সুইস রোলের মতো পাকিয়ে নিন। সব রোল তৈরি হলে ঘি মাখানো পাত্রে রেখে ১০ মিনিট ঢেকে রাখুন।

এরপর হাত দিয়ে হালকা চাপ দিয়ে আবার বেলে নিন। তাওয়া গরম করে ঘি দিয়ে দুই পাশ সোনালি করে ভেজে নিন। ব্যস তৈরি মজার লাচ্ছা পরোটা।