পরিবারের সঙ্গে বা বন্ধুদের জন্য গরম গরম, মসলা যুক্ত, ক্রিসপি চিকেন ফ্রাইড টিক্কা বানানো এখন ঘরেই সম্ভব। মসলার স্বাদ, দই-মেরিনেডে ভাজা চিকেনের ক্রাঞ্চ, সবকিছু মিলিয়ে তৈরি হয় এক পরিপূর্ণ ডিশ। দেখে নিন রেসিপি।
উপকরণ
মসলা বানাতে লাগবে আস্ত ধনিয়া ১ চা-চামচ, জিরা ১ চা-চামচ, তিল দেড় টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১২-১৫টি, আস্ত শুকনা মরিচ ৫-৬টি এবং লবণ ২ চা-চামচ বা স্বাদমতো।
ম্যারিনেডের জন্য লাগবে দই ১/২ কাপ (ফেটানো), টমেটো পেস্ট ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, মেয়োনেজ ২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লবণ ২ চা-চামচ বা স্বাদমতো, চিকেন পাউডার ১ টেবিল চামচ, ময়দা ২-৩ টেবিল চামচ, লেবুর রস ৩ টেবিল চামচ, রান্নার তেল ২ টেবিল চামচ এবং চিকেন টিক্কা টুকরা ৪টি।
ভাজার জন্য লাগবে ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, লাল মরিচ (ক্রাশ করা) ১ চা-চামচ, তিল ১ টেবিল চামচ, লবণ ২ চা-চামচ বা স্বাদমতো এবং ভাজার তেল প্রয়োজনমতো। এছাড়াও পরিবেশনের জন্য লাগবে চাট মসলা ও তিল।
তৈরি প্রক্রিয়া
একটি প্যানে ধনিয়া, জিরা, তিল, কালো মরিচ ও বাটন লাল মরিচ দিয়ে কম আঁচে ভাজুন, যতক্ষণ না সুবাস বের হয়। জ্বাল বন্ধ করে লবণ যোগ করুন ও ভালো করে মেশান। ঠান্ডা হলে মসলাগুলো গুঁড়া করে নিন।
এবার একটি বাটিতে দই, টমেটো পেস্ট, আদা-রসুন বাটা, মেয়োনেজ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, চিকেন পাউডার, ময়দা, প্রস্তুত মসলা, লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মেশান। চিকেন টিক্কা টুকরোগুলো যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে ঢেকে ২-৪ ঘণ্টা ম্যারিনেট করুন।
আর একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, ক্রাশ করা লাল মরিচ, তিল এবং লবণ মেশান। ম্যারিনেট করা চিকেন টুকরোগুলো এই ড্রাই ফ্লাওয়ার মিশ্রণে ভালোভাবে কোট করুন।
এবার চিকেন ভাজার পালা। তার জন্য একটি কড়াইতে তেল গরম করুন। তারপর চিকেন ধীরে ধীরে উভয় পাশ থেকে ১২-১৫ মিনিট পর্যন্ত ভাজুন যতক্ষণ না সোনালি ও ক্রিসপি হয়। ভাজা চিকেনের ওপর চাট মশলা ও তিল ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।


রেস্তোরাঁর মতো বার্গার বানাবেন যেভাবে
নাইজেরিয়ান জলফ রাইস ও গ্রিলড চিকেন রেসিপি
