সামাজিক মাধ্যমে এখন কেকের ছড়া-ছড়ি। তেমনই একটি ভাইরাল মজার কেক বানাতে পারেন আপনিও। সুগন্ধি জাফরান, রাবড়ির স্বাদে ভরা এই কেক শুধু চোখে নয়, স্বাদেও মন কাড়বে। মাইক্রোওয়েভে মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে প্রফেশনাল মানের এই কেক। রইল রেসিপি।
উপকরণ
- দুধ ৩/৪ কাপ
- কনডেন্সড মিল্ক ১/৩ কাপ
- খোয়া ৩০ গ্রাম
- জাফরান কয়েকটি
- মাখন (গলানো) ১/৩ কাপ
- ক্রিম ১/২ কাপ
- ময়দা ১ কাপ (ছেঁকে নেওয়া)
- চিনি ১/২ কাপ বা স্বাদমতো
- বেকিং সোডা ১/২ চা-চামচ
- এলাচ পাউডার ১ চা-চামচ
- বেকিং পাউডার ১/২ চা-চামচ
- হুইপিং ক্রিম ১৭০ গ্রাম
- গুলাব জামুন (অর্ধেক করা) প্রয়োজনমতো
- পেস্তা স্লাইস করা
- সাজানোর জন্য কিছু জাফরান
প্রস্তুত প্রণালী
প্রথমে রাবড়ি তৈরি করে নিন। তার জন্য একটি সসপ্যানে দুধ, কনডেন্সড মিল্ক, খোয়া আর জাফরান মেশান। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ফোটান। দুধ ঘন হয়ে গেলে হয়ে যাবে স্বাদে ভরা রাবড়ি। ঠান্ডা করে ফ্রিজে রাখুন।
এবার একটি বাটিতে গলানো মাখন, কনডেন্সড মিল্ক, ক্রিম আর ভিজিয়ে রাখা জাফরান মিশান। এতে ময়দা, চিনি, বেকিং সোডা, এলাচ পাউডার এবং বেকিং পাউডার যোগ করে ভালোভাবে ফেটান।
মিশ্রণটি মাইক্রোওয়েভ-সেফ ডিশে ঢালুন। কয়েকবার হালকা ট্যাপ দিন। মাইক্রোওয়েভে ৪ মিনিট রান্না করুন।
কাঠের স্কিউয়ার দিয়ে কেকের ওপর ছোট ছোট গর্ত করুন। তৈরি রাবড়ি ঢালুন, গর্তগুলো ভিজিয়ে দিন। ধীরে ধীরে আরও রাবড়ি যোগ করুন (২-৩ চামচ রেখে দিন) এবং সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
হুইপিং ক্রিম ফেটান, স্টিফ পিক তৈরি করুন। রেখে দেওয়া রাবড়ি মিশিয়ে পাইপিং ব্যাগে ভরুন। কেকের ওপর সাজান হুইপিং ক্রিম। এবার উপরে গুলাব জামুন, পেস্তা আর জাফরান দিয়ে দিন। ব্যস তৈরি মজার ভাইরাল কেক।