কিমা-আলুর মজার এই চপ বানাবেন যেভাবে

ইফতার বা বিকেলের নাশতার টেবিলে একটু ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে বানাতে পারেন কিমা-আলুর চপ। বাইরে মচমচে, ভেতরে নরম কিমা আর চিজের পুর, সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় এই মুখরোচক পদ। রইল রেসিপি।

যা যা লাগবে

কিমার পুর তৈরিতে লাগবে মুরগির কিমা ৩০০ গ্রাম, রান্নার তেল ১-২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি (ছোট), আদা-রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ ১/২ চা-চামচ বা স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, সয়াসস ১/২ টেবিল চামচ, ধনেপাতা কুচি একমুঠো এবং মোজারেলা চিজ কুঁচি ১/২ কাপ বা প্রয়োজনমতো।

আলুর চপ তৈরিতে সেদ্ধ আলু ৫-৬টি (মাঝারি), চালের গুঁড়া ১/৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, রসুন গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ বা স্বাদমতো, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, অনিয়ন পাউডার ১ চা-চামচ, ধনেপাতা কুচি একমুঠো এবং ভাজার জন্য তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কিমার পুর তৈরি করতে হবে। চুলায় একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর মুরগির কিমা দিয়ে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন, যতক্ষণ না কিমার রং বদলে যায়। এরপর আদা-রসুন বাটা, কাঁচামরিচ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও সয়াসস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না কিমা কিছুটা শুকিয়ে আসে। তারপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এতে মোজারেলা চিজ মিশিয়ে পুরটি আলাদা করে রাখুন।

আলুর চপ বানাতে একটি বড় বাটিতে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এরপর চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, রসুন গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, অনিয়ন পাউডার ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে মণ্ড তৈরি করুন।

কাটিং বোর্ডে ক্লিং র‍্যাপ বিছিয়ে প্রায় ৮০ গ্রাম আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে সমান করে নিন। এর মাঝখানে প্রায় ২০ গ্রাম কিমার পুর দিয়ে প্যাটির মতো আকার দিন। এভাবে সবগুলো তৈরি করলে প্রায় ৭-৮টি চপ হবে।

একটি প্যানে তেল গরম করুন। মাঝারি আঁচে প্রস্তুত চপগুলো দিয়ে ভাজুন। দু’পাশ সোনালি ও মচমচে হলে তুলে নিন। গরম গরম কিমা-আলুর চপ টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে আরও বেড়ে যাবে।