বাড়িতে বানাতে পারেন রেস্তোরাঁ স্টাইল চিকেন বুররা

ইফতারে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানাতে পারেন রেস্তোরাঁ স্টাইল চিকেন বুররা। মসলাদার এই পদে থাকে কাজু, দই আর ক্রিমের মোলায়েম স্বাদ। নান বা রুটির সঙ্গে দারুণ লাগে এই খাবার। ইফতার বা সেহরিতে খেতে পারেন মজার এই আইটেম। রইল রেসিপি।

উপকরণ

  • কাজুবাদাম (ভিজানো) ১০-১২টি
  • দই (ফেটানো) ১ কাপ
  • কাঁচামরিচ ২টি
  • ধনেপাতা কুচি এক মুঠো
  • আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • লবণ ১ চা-চামচ বা স্বাদমতো
  • হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ
  • ভাজা ও গুঁড়া করা জিরা ১/২ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ বা স্বাদমতো
  • ধনে গুঁড়া ১/২ চা-চামচ
  • চিকেন পাউডার ১/২ চা-চামচ
  • কাসুরি মেথি ১ টেবিল চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • মুরগির টুকরা (বোনলেস বা মিক্স বোটি) ৭০০ গ্রাম
  • কয়লা (ধোঁয়া দেওয়ার জন্য)
  • তেল প্রয়োজনমতো
  • ক্রিম ১/৪ কাপ
  • পানি ১/২ কাপ বা প্রয়োজনমতো
  • লবণ ছাড়া মাখন ১/২ কাপ
  • সাজানোর জন্য ক্রিম
  • পেঁয়াজের রিং
  • কাঁচামরিচ স্লাইস

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে ভেজানো কাজুবাদাম, দই, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

এই মিশ্রণ একটি বাটিতে ঢেলে তাতে আদা-রসুন বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া, গরম মসলা, লবণ, হলুদ, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, চিকেন পাউডার, কাসুরি মেথি ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর মুরগির টুকরা দিয়ে ভালো করে মেখে ঢেকে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

একটি কড়াই বা ওকে তেল গরম করে মেরিনেট করা মুরগি (গ্রেভির জন্য মেরিনেড কিছুটা রেখে দিন) মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে উল্টে দিন।

এরপর মুরগিতে ২-৩ মিনিট কয়লার ধোঁয়া দিন। তারপর মাঝারি আঁচে গ্রিল করে হালকা পোড়া পোড়া রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

একই কড়াইতে রেখে দেওয়া মেরিনেড ঢেলে মাঝারি আঁচে ১-২ মিনিট নেড়ে রান্না করুন। কম আঁচে ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিট রান্না করুন।

এবার পানি দিন এবং ভালোভাবে নেড়ে নিন। এরপর গ্রিল করা মুরগির টুকরা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রান্না করুন।

শেষে মাখন দিয়ে মিশিয়ে নিন, মাখন গলে গেলে নামিয়ে নিন।

উপরে ক্রিম, পেঁয়াজের রিং ও কাঁচামরিচ ছড়িয়ে গরম গরম নানের সঙ্গে পরিবেশন করুন।