ইফতারে ঠান্ডা, মিষ্টি আর ক্রিমি কোনো পানীয় হলে মন্দ কী। ফলের সতেজতা আর চিজের ঘন স্বাদ, দুটো মিলিয়ে তৈরি করা যায় দারুণ এক পানীয় স্ট্রবেরি চিজকেক শেক। খুব সহজ কিছু উপকরণেই ঘরে বানানো যায় এই রেস্তোরাঁ স্টাইলের শেক। রইল রেসিপি।
উপকরণ
- স্ট্রবেরি ১/২ কাপ
- ক্রিম চিজ ২ টেবিল চামচ
- টক দই ১/৪ কাপ
- খেজুর (বীজ ফেলা) ২-৩টি
- ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা
- স্ট্রবেরি ফ্লেভার্ড দুধ ১ কাপ
- ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া
- সাজানোর জন্য খেজুর
- সাজানোর জন্য স্ট্রবেরি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি ব্লেন্ডারের জগে ফ্রোজেন স্ট্রবেরি, ক্রিম চিজ, ঘন টক দই, খেজুর, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং স্ট্রবেরি ফ্লেভার্ড দুধ একসঙ্গে দিন। এরপর সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ শেক তৈরি করুন।
এবার একটি সার্ভিং গ্লাসে কয়েকটি বরফ কিউব দিন। তার ওপর ঢেলে দিন তৈরি করা স্ট্রবেরি শেক। ওপরে ছড়িয়ে দিন ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া। সাজিয়ে নিন খেজুর ও স্ট্রবেরি দিয়ে।
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু স্ট্রবেরি চিজ শেক।