মজার দুধ সেমাই, সহজ রেসিপি

ঈদ মানেই মিষ্টি কিছু না থাকলে যেন আনন্দটা পূর্ণ হয় না। আর সেই তালিকায় সেমাই থাকে সবার আগে। ঘরে বসেই খুব সহজে বানানো যায় দুধ সেমাই। স্বাদে যেমন মজাদার, দেখতে তেমন আকর্ষণীয়। ঝটপট তৈরি করা যায় বলে ব্যস্ত সময়েও এটি হতে পারে আপনার সেরা পছন্দ। রইল রেসিপি।

উপকরণ

সেমাই ১ কাপ বা ৮০ গ্রাম, পানি ৩ কাপ, দুধ দেড় লিটার, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, পেস্তা কুচি ২ টেবিল চামচ, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ (প্রয়োজনমতো), দুধ ১/৪ কাপ (কাস্টার্ড মেশানোর জন্য), কনডেন্সড মিল্ক ১ কাপ বা স্বাদমতো, ভেজানো পেস্তা কুচি ১ টেবিল চামচ, ভেজানো কাজুবাদাম কুচি ১ টেবিল চামচ এবং সাজানোর জন্য পেস্তা ও কাজুবাদাম কুচি।

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে রঙিন সেমাই দিয়ে মাঝারি আঁচে ৬-৮ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে আলাদা করে রাখুন।

এরপর আরেকটি পাত্রে দুধ নিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে এতে কাজুবাদাম ও পেস্তা দিয়ে নেড়ে নিন।

এবার একটি ছোট বাটিতে কাস্টার্ড পাউডার ও ১/৪ কাপ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণটি ফুটন্ত দুধে ঢেলে ভালোভাবে নেড়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন, যতক্ষণ না দুধ একটু ঘন হয়।

এরপর সিদ্ধ করা সেমাই দুধে দিয়ে মিশিয়ে নিন। কম আঁচে আরও ১-২ মিনিট রান্না করুন।

চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করুন, যাতে দানা না বাঁধে। এরপর কনডেন্সড মিল্ক, ভেজানো পেস্তা ও কাজুবাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

সবশেষে পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

সহজ এই রেসিপিতে তৈরি দুধ সেমাই আপনার ঈদের টেবিলে এনে দেবে ভিন্ন এক মিষ্টি স্বাদ।