জাপানি খাবারের মধ্যে ‘মেনচি কাটসু কারি’ বেশ জনপ্রিয়। মচমচে চিকেন কাটলেট আর ঘন কারি সস, এই দুইয়ের মিলেই তৈরি হয় দারুণ স্বাদের একটি পদ। খুব সহজ উপকরণে ঘরেই বানানো যায় এই রেসিপি।
কী কী লাগবে
চিকেন মেনচি কাটসু তৈরির জন্য লাগবে হাড়ছাড়া মুরগির মাংস (কিউব করা) ৩০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, আদা-রসুন বাটা দেড় চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, মোজারেলা চিজ (কিউব), ময়দা প্রয়োজনমতো, ডিম (ফেটানো) ১টি, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো এবং ভাজার জন্য তেল।
সস তৈরির জন্য লাগবে তেল ১ টেবিল চামচ, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, চিকেন স্টক দেড় কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ গুঁড়া আধা চা-চামচ, বেল পেপার আধা চা-চামচ, চিনি অল্প (১/৮ চা-চামচ), সয়াসস ১ চা-চামচ, রাইস ভিনেগার আধা চা-চামচ, ওরচেস্টারশায়ার সস ১ চা-চামচ, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১/৩ কাপ, কর্নফ্লাওয়ার দেড় চা-চামচ এবং পানি ১ টেবিল চামচ।
এছাড়াও পরিবেশনের জন্য লাগবে সেদ্ধ ভাত, চিজ স্লাইস, কুচি করা পেঁয়াজ পাতা এবং তিল।
যেভাবে বানাবেন
প্রথমে মেনচি কাটসু তৈরির পালা। মুরগির মাংস ব্লেন্ড করে নিন। এর সঙ্গে গোলমরিচ, লাল মরিচ, লবণ, আদা-রসুন বাটা, সয়াসস ও চিকেন পাউডার মিশিয়ে ভালো করে কিমা বানান।
এবার অল্প করে কিমা নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করুন। মাঝখানে একটি চিজ কিউব দিয়ে আবার কিমা দিয়ে ঢেকে প্যাটির মতো বানান।
প্যাটিগুলো ময়দা, ডিম ও ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। এরপর গরম তেলে অল্প আঁচে ভেজে নিন, যতক্ষণ না সোনালি ও মচমচে হয়।
এবার সস তৈরির পালা। একটি প্যানে তেল গরম করে টমেটো পেস্ট দিন। এরপর চিকেন স্টক দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিন।
এরপর গোলমরিচ, পেঁয়াজ গুঁড়া, বেল পেপার, চিনি, সয়াসস, রাইস ভিনেগার ও ওরচেস্টারশায়ার সস দিন।
গাজর দিয়ে ২ মিনিট রান্না করুন। তারপর পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন।
শেষে কর্নফ্লাওয়ার ও পানি মিশিয়ে সসে দিন। এতে সস ঘন হয়ে আসবে।
একটি প্লেটে সেদ্ধ ভাত নিন। তার ওপর গরম সস ঢালুন। তারপর মচমচে মেনচি কাটসু রাখুন। উপরে চিজ স্লাইস, পেঁয়াজ পাতা ও তিল ছড়িয়ে পরিবেশন করুন।