তরমুজের খোসা দিয়ে ভিন্ন স্বাদের তরকারি, রইল রেসিপি

তরমুজ খাওয়ার পর আমরা সাধারণত খোসা ফেলে দেই। কিন্তু জানেন কি, এই খোসা দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের একটি ভিন্নধর্মী তরকারি? দক্ষিণ এশিয়ার বিভিন্ন রান্নায় তরমুজের সাদা অংশ ব্যবহার করে সুস্বাদু পদ বানানো হয়। মসলার সুবাস আর খোসার নরম টেক্সচারে তৈরি এই পদটি একবার চেখে দেখলে চমকে যেতে পারেন। রইল রেসিপি।

উপকরণ

  • তরমুজ (এক-চতুর্থাংশ, লাল অংশ ফেলে সাদা খোসা)
  • তেল ৩-৪ টেবিল চামচ
  • সরিষা দানা ১/২ চা-চামচ
  • জিরা ১ চা-চামচ
  • পেঁয়াজ কুচি ১টি (মাঝারি)
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল চামচ
  • গুঁড়া মরিচ ১ চা-চামচ (স্বাদমতো)
  • লবণ স্বাদমতো
  • গরম মসলা গুঁড়া ১/৪ চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • ধনে ভাঙা দেড় চা-চামচ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • শুকনা মরিচ ভাঙা ১/২ চা-চামচ
  • আমচুর গুঁড়া ১ চা-চামচ
  • কাঁচা মরিচ ৩-৪টি
  • ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে তরমুজের লাল অংশ ফেলে দিয়ে খোসার সবুজ অংশ ছুলে নিন। এরপর সাদা অংশ ছোট ছোট কিউব করে কেটে রাখুন (প্রায় ১ কেজি)। একটি পাত্রে তেল গরম করে তাতে সরিষা দানা ও জিরা দিন। ফোড়ন উঠলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর কাটা তরমুজের খোসা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, গরম মসলা, জিরা গুঁড়া, ধনে ভাঙা, হলুদ ও শুকনা মরিচ ভাঙা দিয়ে নেড়ে দিন। মাঝারি আঁচে ১-২ মিনিট রান্না করুন। এবার ঢেকে কম আঁচে ৩০-৩৫ মিনিট রান্না করুন। যতক্ষণ না খোসাগুলো নরম হয়ে আসে। পরে আঁচ বাড়িয়ে নেড়ে রান্না করুন। যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। চাইলে এ সময় কিছুটা চটকে নিতে পারেন।

সবশেষে আমচুর গুঁড়া, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঢেকে আরও ১-২ মিনিট দমে রাখুন। উপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়েই এমন সুস্বাদু একটি পদ তৈরি করা যায়। এটা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা হতে পারে। স্বাদে ভিন্নতা আনতে চাইলে এই সহজ রেসিপিটি একবার চেষ্টা করে দেখতে পারেন।