শজনের ডাল অনেকের কাছেই প্রিয় খাবার। কিন্তু শজনে ডাটা আর আলুর তরকারি কি খেয়েছে। না খেয়ে থাকলে আজই বাড়িতে রান্না করতে পারেন মজার এই পদ। খুব কম উপকরণে তৈরি হলেও এটি বেশ পুষ্টিকর। সুস্বাদু এই আইটেমটি ভাতের সাথে খেতেও দারুণ লাগে। রইল রেসিপি।
উপকরণ
শজনে ডাটা ২৫০ গ্রাম, ১টি মাঝারি আলু, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা-চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চা-চামচ সরিষা বাটা, ১/২ চা-চামচ জিরা গুঁড়া, ১ চা-চামচ হলুদ গুঁড়া, ২টি টমেটো, ২ টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ।
রন্ধন প্রণালী
প্রথমে কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নিন।
এরপর একে একে শজনে ডাটা, কাটা আলু, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর প্রায় ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং সেদ্ধ হতে দিন।
পানি শুকিয়ে এলে এতে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর সরিষা বাটা এবং জিরা গুঁড়া দিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিন।
এবার দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না পানি অর্ধেক হয়ে আসে। সবশেষে টমেটো ফালি করে দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুব সহজে তৈরি এই শজনে ডাটার নিরামিষ পদটি স্বাদে যেমন দারুণ, তেমনি পুষ্টিতেও ভরপুর।