তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি করা হয় পদটি। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে রসালো ও নরম। এই দুই বৈশিষ্ট্যের কারণে এটি তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়।
স্ট্রিট ফুডের দোকান থেকে শুরু করে আধুনিক ফুড কোর্ট, সব জায়গাতেই এখন দেখা যায় এই চিকেন স্টেক। সাধারণ উপকরণে তৈরি হলেও বিশেষ মসলা মিশ্রণ এবং ডাবল ফ্রাইয়ের কারণে এর স্বাদ হয়ে ওঠে আলাদা। ঝাল, মিষ্টি আর হালকা সুগন্ধি মসলার ভারসাম্য এই খাবারকে দিয়েছে ভিন্ন মাত্রা। রইল রেসিপি।
উপকরণ
- চিকেন ফিলেট ২৫০ গ্রাম
- সয়াসস ২ টেবিল চামচ
- আদাবাটা ১ চা-চামচ
- ভিনেগার ১ চা-চামচ
- রসুন বাটা ১ চা-চামচ
- হোয়াইট পেপার ১/৪ চা-চামচ
- লবণ ১/২ চা-চামচ বা স্বাদমতো
- ফাইভ স্পাইস পাউডার ১ চা-চামচ
- চিনি গুঁড়া ১ চা-চামচ
- পাপরিকা গুঁড়া ১/৪ চা-চামচ
- পটেটো স্টার্চ ১ কাপ
- ব্রেডক্রাম্বস ১/৪ কাপ
- ডিম (ফেটানো) প্রয়োজনমতো
- ভাজার জন্য তেল প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে চিকেন প্রস্তুত করে নিতে হবে। চিকেন ফিলেট কাটিং বোর্ডে রেখে পাশ থেকে কেটে খুলে নিন। এরপর এটিকে প্রজাপতির মতো (বাটারফ্লাই শেপ) করে পাতলা করুন। প্লাস্টিক শিটের মাঝে রেখে কিচেন হ্যামার দিয়ে হালকা পিটিয়ে নরম ও সমান করে নিন।
একটি বাটিতে সয়াসস, আদাবাটা, ভিনেগার, রসুন বাটা, হোয়াইট পেপার, লবণ, ফাইভ স্পাইস পাউডার ও চিনি একসাথে মিশিয়ে নিন। এবার এতে চিকেন দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
আরেকটি বাটিতে পাপরিকা গুঁড়া, চিনি, ফাইভ স্পাইস পাউডার, পিঙ্ক লবণ ও সাদা গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এটি পরে স্টেকের ওপর ছিটানোর জন্য রাখা হবে।
এবার একটি বড় বাটিতে পটেটো স্টার্চ ও ব্রেডক্রাম্বস মিশিয়ে নিন। আরেকটি প্লেটে ফেটানো ডিম রাখুন। মেরিনেট করা চিকেন আগে ডিমে ডুবিয়ে নিন। তারপর স্টার্চ ও ব্রেডক্রাম্ব মিশ্রণে ভালোভাবে কোট করুন।
একটি প্যানে তেল গরম করুন (প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াস)। চিকেন দিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ভাজুন, যতক্ষণ না হালকা সোনালি রং হয়। এরপর চিকেন তুলে ১-২ মিনিট রেখে দিন। আবার ১৮০ ডিগ্রি তাপে ভেজে নিন যতক্ষণ না পুরোপুরি সোনালি ও মুচমুচে হয়।
ভাজা চিকেনের ওপর আগে থেকে তৈরি করা সিজনিং মিশ্রণ ছিটিয়ে দিন। ইচ্ছামতো স্লাইস করে কেটে নিন। বাসিল দিয়ে সাজিয়ে পছন্দের ডিপ সসের সঙ্গে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে সবচেয়ে বেশি মুচমুচে ও সুস্বাদু লাগে। ফ্রেঞ্চ ফ্রাই বা গার্লিক সসের সঙ্গে খেতে দারুণ লাগে।