রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
উপকরণ
তন্দুরি মশলার জন্য লাগবে জিরা গুঁড়া ১/২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট বা সাধারণ লবণ ২ চা-চামচ (স্বাদমতো), গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাসুরি মেথি ১ চা-চামচ, সাইট্রিক অ্যাসিড ১ চিমটি এবং জর্দার রং (কমলা) ১/৪ চা-চামচ।
মাংস মেরিনেশনের জন্য মুরগির মাংস (মাঝারি টুকরো) ৭৫০ গ্রাম, টক দই ১/৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ এবং তৈরি করা তন্দুরি মসলা ৩ টেবিল চামচ।
গ্রেভির জন্য তেল ১/৪ কাপ, পেঁয়াজ বাটা বা গ্রেট করা ২টি (মাঝারি), টমেটো পিউরি ৪টি (মাঝারি), টক দই ২-৩ টেবিল চামচ, রান্নার ক্রিম ১/৪ কাপ, কাসুরি মেথি ১ চা-চামচ এবং পানি ১/৪ কাপ। এছাড়াও সাজানোর জন্য পেঁয়াজ রিং, কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি।
প্রস্তুত প্রণালী
একটি পাত্রে তন্দুরি মসলার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার অন্য একটি বড় বাটিতে টক দই, ৩ টেবিল চামচ তৈরি করা তন্দুরি মসলা, লেবুর রস, আদা-রসুন বাটা ও তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণে মুরগির টুকরোগুলো দিয়ে ভালোভাবে মেখে ১ ঘণ্টা ঢেকে রাখুন।
চুলার আঁচ বাড়িয়ে একটি ফ্ল্যাট প্যানে মেরিনেট করা মুরগির টুকরাগুলো দিন। বাড়তি মসলাটুকু রেখে দিন পরে ব্যবহারের জন্য। আগুনে মাংসের দুই পাশ ৩-৪ মিনিট করে পুড়িয়ে বা ঝলসে নিন। ভাজার সময় বেঁচে যাওয়া মসলা চিকেনের গায়ে ব্রাশ করে দিতে পারেন।
অন্য একটি প্যানে ১/৪ কাপ তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে এতে টমেটো পিউরি এবং মেরিনেশনের বেঁচে যাওয়া মসলাটুকু দিয়ে দিন। মসলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষাতে থাকুন। এবার টক দই দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন। পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন।
ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে ক্রিম মিশিয়ে নিন। এবার এতে ঝলসে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিন। সামান্য নেড়ে ওপরে কাসুরি মেথি ছিটিয়ে ঢাকনা দিয়ে খুব কম আঁচে (দমে) ৬-৭ মিনিট রাখুন।
বারবিকিউ ফ্লেভার পেতে চাইলে একটি জ্বলন্ত কয়লা ছোট বাটিতে করে প্যানের মাঝখানে রাখুন। কয়লার ওপর সামান্য তেল দিয়ে দ্রুত ঢাকনা বন্ধ করে দিন ১ মিনিটের জন্য।
ব্যাস! তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইল বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। পেঁয়াজ রিং আর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ধোঁয়া ওঠা নানের সাথে।