ঈদে বানাতে পারেন খাসির শাহী পদ

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল মেন্যু। কম আঁচে ধীরে ধীরে বেক করা নরম মাংস, জাফরান আর কাঠবাদামের সুগন্ধি রাইস, এক প্লেটেই মিলবে রাজকীয় স্বাদ। অতিথি আপ্যায়ন থেকে পরিবারের সঙ্গে ঈদের দুপুর। সব আয়োজনেই মানিয়ে যাবে এই ভিন্ন স্বাদের ল্যাম্ব রাইস।

উপকরণ

মাংস মেরিনেশনের জন্য খাসির রান ও পাঁজর চর্বিসহ ১.৫ কেজি, পানি পরিমাণমতো, সিরকা দেড় টেবিল চামচ, পাপরিকা গুঁড়া দেড় টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ বা স্বাদমতো, ক্যানোলা ওয়েল ১/৪ কাপ, লেবুর রস দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, তেজপাতা ২-৩টি, দারুচিনি ১ টুকরা এবং কাঁচা মরিচ ৪-৫টি।

আলমন্ড রাইসের জন্য লাগবে ক্যানোলা অয়েল ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, দারুচিনি ১ টুকরা, গোটা গোলমরিচ ১ চা-চামচ, শুকনা লেবু ১টি, তেজপাতা ২টি, রসুন কুচি ১ টেবিল চামচ, পানি ৪ কাপ, জাফরান আধা চা-চামচ ২ টেবিল চামচ পানিতে ভেজানো, লবণ ১ টেবিল চামচ বা স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, চিকেন কিউব ১টি, ফ্রেশ পার্সলে এক মুঠো, পোলাওয়ের চাল ৮০০ গ্রাম ২ ঘণ্টা ভেজানো এবং কাঠবাদাম খোসা ছাড়ানো ও স্লাইস করা ১/৪ কাপ।

পরিবেশনের জন্য লাগবে ফ্রেশ পার্সলে, ভাজা কাঠবাদাম, লেবু স্লাইস, মান্ডি সস, রায়তা ও রিজার্ভ করা স্টক।

প্রস্তুত প্রণালি

একটি বড় পাত্রে খাসির রান ও পাঁজর নিয়ে কাঁটাচামচ দিয়ে রানের মাংস ভালোভাবে কেঁচে নিন। আলাদা একটি পাত্রে পানি, সিরকা ও ১ টেবিল চামচ লবণ মিশিয়ে মাংসের ওপর ঢেলে দিন। ৩০ মিনিট রেখে দিন। এরপর ভালোভাবে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে পানি শুকিয়ে নিন।

একটি বাটিতে পাপরিকা, লবণ, গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, জিরা, সাদা গোলমরিচ, লাল মরিচ গুঁড়া, তেল, লেবুর রস ও রসুন বাটা একসঙ্গে মিশিয়ে মেরিনেড তৈরি করুন। মাংসের গায়ে মেরিনেড ভালোভাবে মাখিয়ে ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ৪ ঘণ্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিন।

এবার ওভেন ১৫০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন। একটি বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর বেকিং পেপার বিছিয়ে মেরিনেট করা মাংস রাখুন। ওপরে তেজপাতা, দারুচিনি, কাঁচা মরিচ ও ২ টেবিল চামচ তেল ছড়িয়ে দিন। প্রথমে বেকিং পেপার, তারপর ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে নিন। ওভেনের নিচের ট্রেতে পানি দিয়ে ৩ ঘণ্টা বেক করুন। মাংস বের করে স্টক আলাদা করে রাখুন।

এবার আলমন্ড রাইস রান্নার পালা। প্যানে ১/৪ কাপ তেল গরম করে কাঠবাদাম হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই পাত্রে পেঁয়াজ ভেজে নরম করুন। দারুচিনি, গোটা গোলমরিচ, শুকনা লেবু, তেজপাতা দিয়ে নাড়ুন। রসুন কুচি দিয়ে সুগন্ধ এলে ৪ কাপ পানি দিন।

পানি ফুটে উঠলে জাফরান-ভেজানো পানি, লবণ, গোলমরিচ গুঁড়া, চিকেন কিউব, পার্সলে ও অর্ধেক ভাজা কাঠবাদাম দিন। ভালোভাবে মিশিয়ে ভেজানো সেলা চাল দিয়ে দিন। ৩-৪ মিনিট বেশি আঁচে রান্নার পর ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট দমে রাখুন।

এবার একটি বড় সার্ভিং ডিশে প্রথমে আলমন্ড রাইস বিছিয়ে দিন। ওপরে বেক করা ল্যাম্বের টুকরা সাজিয়ে দিন। ওপরে ফ্রেশ পার্সলে, বাকি ভাজা কাঠবাদাম ও লেবু স্লাইস ছড়িয়ে দিন। পাশে মান্ডি সস, রায়তা ও গরম স্টক দিয়ে পরিবেশন করুন।

টিপস

  • মধুর আসল স্বাদ পেতে মাংস অবশ্যই কম তাপে দীর্ঘ সময় বেক করতে হবে।
  • জাফরানের রং ও গন্ধ ভালোভাবে পেতে হালকা গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।