ঝটপট বানান ব্রয়লার মুরগির স্যুপ, রইল রেসিপি

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ। সামান্য কিছু উপকরণ আর ঘরোয়া মসলায় তৈরি এই স্যুপ হতে পারে দারুণ আয়োজন। রইল রেসিপি।

উপকরণ

  • রান্নার তেল ২-৩ টেবিল চামচ
  • ব্রয়লার মুরগি ৬০০ গ্রাম (৪ টুকরা করা)
  • আদা বাটা/থেঁতো করা ১ টেবিল চামচ
  • রসুন বাটা/থেঁতো করা ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ১টি মাঝারি আকারের
  • তেজপাতা ১টি
  • দারুচিনি ৩ টুকরা
  • গোলমরিচ ১২-১৩টি
  • লবঙ্গ ৪-৫টি
  • ধনে বীজ ১ চা-চামচ
  • জিরা ১ চা-চামচ
  • মৌরি ১/৪ চা-চামচ
  • সবুজ এলাচ ২টি
  • ভাঙা গোলমরিচ ১ চা-চামচ
  • লবণ স্বাদ অনুযায়ী (প্রায় ১/২ টেবিল চামচ)
  • হলুদ গুঁড় ১/২ চা-চামচ
  • চিকেন কিউব ২টি
  • পানি ২ লিটার (প্রয়োজন অনুযায়ী)
  • সেদ্ধ ডিম পরিবেশনের জন্য
  • ভাঙা গোলমরিচ সাজানোর জন্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে মুরগির টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ভাজুন। মাংসের রং পরিবর্তন হলে এতে আদা ও রসুন দিয়ে আরও এক মিনিট রান্না করুন।

এরপর পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, ধনে বীজ, জিরা, মৌরি, এলাচ, ভাঙা গোলমরিচ, লবণ, কাঁচা হলুদ ও চিকেন কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার এতে পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে ওপরে জমে থাকা ফেনা তুলে ফেলুন। এরপর মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগি নরম হয় এবং ঝোল কমে প্রায় অর্ধেক হয়ে আসে। এতে সময় লাগতে পারে প্রায় দেড় ঘণ্টা।

মুরগি সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে ঝোল ছেঁকে নিন। এবার টুকরাগুলো আলাদা করে রাখুন। আর ঝোল সংরক্ষণ করুন।

পরিবেশনের সময় বাটিতে মুরগির টুকরা দিয়ে তার ওপর প্রস্তুত করা ঝোল ঢেলে দিন। ওপরে সেদ্ধ ডিম ও ভাঙা গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ভাত, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে এই বয়লার মুরগির স্যুপ হতে পারে দারুণ এক পদ।