কই তে বাংলাদেশ পেল হালাল সনদ

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে খাদ্য, পণ্য ও ওষুধের হালাল সনদ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগ। নির্ধারিত প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি, উপকরণ ও উৎপাদনসংক্রান্ত বিভিন্ন বিষয় যাচাইয়ের পর এই সনদ দেওয়া হয়।

কই তে আন্তর্জাতিকভাবে চা-ভিত্তিক পানীয় ও বাবল টি সংস্কৃতির জন্য পরিচিত। বাংলাদেশে ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের প্রিমিয়াম চা, সিগনেচার বেভারেজ ও গোল্ডেন বাবলস পরিবেশন করে আসছে।

প্রতিষ্ঠানটির মতে, একটি পানীয়ের মান শুধু উপকরণের ওপর নির্ভর করে না। চা প্রস্তুতের পদ্ধতি, মিষ্টতার মাত্রা, তাপমাত্রা, বরফের ব্যবহার ও পরিবেশনের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় রেখে পানীয় প্রস্তুত করা হয়।

কই তে বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই হালাল সনদ গ্রাহকদের কাছে তাদের পণ্যের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বাড়াবে। বাংলাদেশে খাবার ও পানীয় নির্বাচনের ক্ষেত্রে হালাল মানদণ্ড গুরুত্বপূর্ণ হওয়ায় এই স্বীকৃতি ভোক্তাদের জন্য বাড়তি নিশ্চয়তা হিসেবে কাজ করবে বলে তারা মনে করেন।

বর্তমানে কই তে বাংলাদেশের মেনুতে হোজিচা ও ব্ল্যাক সেসামি সিরিজসহ বিভিন্ন ধরনের পানীয় রয়েছে। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি ও সেন্টারপয়েন্টে ব্র্যান্ডটির আউটলেট রয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, শহুরে জীবনধারায় চা ও বেভারেজ এখন শুধু পানীয় নয়, বরং আড্ডা, কাজের বিরতি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের অংশ হয়ে উঠেছে। এই পরিবর্তিত সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের জন্য মানসম্মত ও আস্থাভিত্তিক সেবা নিশ্চিত করতেই তারা কাজ করছে।