অনেকের কাছেই ঘর সাজানোর সেরা উপকরণ গাছ। বেশ দাম দিয়ে পছন্দমত গাছ দিয়ে সাজিয়ে তোলের নিজের অন্দর। ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টের ব্যবহার কম-বেশি সবাই করেন। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন দ্রুতই মরে যায়।
অনেকের ধারণা, ইন্ডোর প্ল্যান্টের খুব বেশি যত্নআত্তির দরকার হয় না। অথবা অল্প দেখভাল করলেই হয়ে যায়। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। সাধারণ গাছের তুলনায় ইনডোর প্ল্যান্টের যত্ন অনেক বেশি লাগে। ঘরে থাকা গাছের যত্ন নিতে কিছু বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখাতে হবে। তা না হলে, শখের গাছ নষ্ট হবে চোখের সামনেই।
প্রতিদিনই পানি দিন
ঘরে আছে বলে নিয়মিত পানি দেবেন না, তা কিন্তু একদমই নয়। প্রতিদিনই পানি দিতে হবে। তবে পরিমাণে অনেকটাই কম। ঘরে থাকা গাছে অল্প অল্প করে পানি দিতে পারেন। তবে খেয়াল রাখবেন পাত্রে যেন পানি জমে না থাকে।
অল্প আলোতে গাছ নয়
ইনডোর প্ল্যান্ট হলেও সেগুলোর জন্য পর্যাপ্ত আলো বাতাস প্রয়োজন। অল্প আলোতে কখনই গাছ রাখবেন না। অথবা এমন কোথাও গাছ রাখবেন না যেখানে সূর্যের আলো একদমই যায় না। আবার বেশি আলোতেও এসব গাছ রাখা ঠিক নয়। গাছ এমন জায়গায় রাখুন, যাতে হালকা আলো-বাতাস সব সময় পায়।
এসি থেকে দূরে রাখুন
অনেকে নিজের অফিসে ইনডোর প্ল্যান্ট রাখেন। এখন বেশিরভাগ অফিসই সেন্ট্রাল এসি। তাহলে কি আপনি এধরনের গাছ রাখতে পারবেন না। তা কিন্তু নয়। খেয়াল রাখুন গাছ যেন সরাসরি এসির নিচে না থাকে। এমন জায়গাতে রাখুন যেখানে সূর্যালোক পায়। এতে আপনার গাছ বাড়বে ঠিকঠাক।
গাছের পাতা মুছে দিন
ভেজা কাপড় দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে পারেন গাছের পাতা। তবে পানির সঙ্গে কোনো রকম জীবাণুনাশক রাখার দরকার নেই। নরমাল পানি দিয়েই পাতা মুছে দিলেই হবে। এতে গাছের পাতা থাকবে আরও বেশি তরতাজা।
পোকামাকড়ের উপদ্রব
খেয়াল রাখতে হবে গাছের টবে যেন পোকামাকড় না আসে। এ জন্য পানির সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। তাহলে পোকামাকড় হবে না।