বইপ্রেমীদের যেমন পছন্দের বইয়ের কালেকশনে ভরা একটি লাইব্রেরির স্বপ্ন থাকে, তেমনি চা বা কফিপ্রেমীদেরও ইচ্ছা করে ঘরের এক কোণে চা বা কফি কর্নার তৈরি করে নেওয়ার।
ডেকর আপা অন আ বাজেট, রিনিশ ডিআইওয়াই, লুনা দ্য লুনাটিক, প্রিয়তি ১০১ ইত্যাদি ফেসবুক পেইজগুলোতে প্রায়ই দেখা মেলে নান্দনিক উপায়ে চা বা কফি কর্ণার তৈরির হোম ডেকর ভ্লগ।
ঘরে চা-কফি কর্নার বানাতে আলাদা পরিসর লাগবে এমন একদমই নয়। বাসার যেকোনো একটি কোণ বেছে নিতে পারেন। চায়ের কাপ বা কফি মগ হাতে প্রকৃতির রূপ অবলোকন করতে ভালো লাগলে, ব্যালকনিতেও বানিয়ে নিতে পারেন এমন একটি পছন্দের কর্নার।
চলতি ধারা অনুযায়ী, সাদা দেয়ালই যেকোনো ঘরের নকশার জন্য মানানসই। তবে চাইলে আপনার পছন্দের যেকোনো রঙ করিয়ে নিতে পারেন। যেহেতু ঘরের একপাশ জুড়ে থাকবে, তাই হলুদ, কমলা, গোলাপি এমন ভাইব্র্যান্ট সব রঙে রাঙিয়ে নিতে পারেন আপনার চা-কফি কর্ণারের দেয়াল।
চা-কফি সম্পর্কিত কোনো উক্তি বা ছবি সেঁটে দিতে পারেন দেয়ালে। আবার দেয়ালে ড্রিল করে মগ ঝোলানোর স্ট্যান্ড বসিয়ে নেওয়া যেতে পারে; সেখানে থাকবে বিভিন্ন রকম কাপ বা মগের কালেকশন।
দেয়াল ঘেঁষে থাকা স্লিম কেবিনেটই চা আর কফি কর্নারের জন্য সবচেয়ে উপযুক্ত। চাইলে কাস্টমাইজ করে পৃথক একটি তাকও বানিয়ে নিতে পারেন। জায়গা বেশি থাকলে এবং ঘরে চায়ে সঙ্গ দেওয়ার মতো লোকের অভাব না থাকলে অবশ্য বসাতে পারেন ছোট একটি টেবিল।
টেবিলের সঙ্গে দুটি ছোট টুল বা চেয়ার রাখা যেতে পারে। সেখানেই কেটলি, দুধ, চিনি, চা-পাতা রাখার পট সাজানো থাকবে। গাছা ছাড়া তো কোনো সাজ সম্পূর্ণ হতেই পারে না। তাই অবশ্যই একটি বা দুইটি ইনডোর প্ল্যান্ট রাখবেন।
অনলাইনের বিভিন্ন পেইজ বা বেস্ট বাইয়ের শোরুমে আজকাল চাপাতা, টিব্যাগ, কফি, দুধ, চিনি ইত্যাদি রাখার সুন্দর সুন্দর কৌটো পাওয়া যায়। নান্দনিক ছোঁয়া আনতে রাখতে পারেন এসব। চা বা কফির পাত্র ঢেকে রাখতে ব্যবহার করতে পারেন সুন্দর নকশার কোস্টার।
বাজেট বেশি থাকলে কিনতে পারেন ইলেকট্রিক কেটলি আর স্টোভও।