কিচেন চিমনি কিনতে চান? জেনে রাখুন এই ৫ বিষয়

আধুনিক রান্নাঘরের নিত্য সঙ্গী যেন হয়ে উঠেছে কিচেন চিমনি। এই চিমনি থাকলে, রান্নাঘর পরিষ্কার রাখা খুব সহজ হয়ে যায়। তাই অনেকেই কিচেন চিমনি কিনতে চান। হাতে কিছু টাকা এলেই দুম করে চিমনি কিনবেন না। চিমনি কেনার আগে আপনাকে অবশ্য বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। রইল কিচেন চিমনি কেনার কিছু টিপস।

১) আজকাল বাজারে হিট অটো ক্লিন চিমনি পাওয়া যায়। এগুলোর জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। শুধু একটি বোতাম চাপলেই চিমনি পরিষ্কার হয়ে যাবে। তাই চিমনি কেনার সময় দেখে নিন এই প্রযুক্তি আছে কিনা। এখন টাচ স্ক্রিন বা রিমোট কন্ট্রোল চালিত চিমনিও পাওয়া যায়। এগুলো একটু বেশি দাম হবে। তবে বাজেট ঠিকঠাক থাকলে সেগুলো কিনতে পারেন।

২) রান্নার সময় তেলচিটে এবং ধোঁয়া হবেই। রান্নাঘর থেকে এগুলো বের করে দিতে পারে চিমনি। আর চিমনির এই ক্ষমতাকে বলা হয় ‘সাক্সন পাওয়ার’। তাই কিচেন ডিভাইসটি কেনার আগে দেখে নিন চিমনিটিতে এই ক্ষমতা কতটা রয়েছে। সাক্সন পাওয়ার ১২০০ থাকলেই নিতে পারেন। তবে আপনার যদি ওপেন কিচেন হয়, তবে সাক্সন পাওয়ার একটু বেশি নিন। তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।

৩) খেয়াল রাখবেন এটি চালালে যেন শব্দ না হয়। বাজারে অনেক চিমনি রয়েছে, যা চালালেই শব্দ হয়। নতুন প্রযুক্তিতে শব্দহীন চিমনি পাওয়া যায়। তাই চিমনি কেনার সময় এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখুন। সুযোগ থাকলে চালিয়ে দেখুন।

৪) চিমনির কেনার ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হলো ফিল্টার। চিমনির জন্য রয়েছে ক্যাসেট ফিল্টার, বাফেল ফিল্টার এবং কার্বন ফিল্টার। আমাদের রান্নাঘরের জন্য বাফেল ফিল্টারই বেস্ট। কারণ, এই চিমনিতে তেল-মসলা শুষে নেওয়ার ক্ষমতা বেশি থাকে। চিমনি কেনার সময় বাফেল ফিল্টারই পছন্দের তালিকায় রাখতে পারেন।

৫) চিমনি কেনার আগে অবশ্যই আপনার বাড়ির ওভেনের মাপ নিয়ে যাবেন। সেই মাপ মতো চিমনির আকার হলে তবেই তা বেশি কার্যকরী হবে।